নিজস্ব প্রতিনিধি:
মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার হারুকান্দি চর প্রতিবছর শীত মৌসুমে পরিণত হয় অতিথি পাখির নিরাপদ আবাসস্থলে। দূর-দূরান্ত থেকে আগত এসব শীতকালীন অতিথি পাখির কলতানে মুখর থাকলেও এবার সেই চিত্রে নেমে এসেছে রক্তাক্ত ছাপ।
গত ৩ জানুয়ারি শনিবার বিকেলে হারুকান্দি চরে বিদেশি বন্দুকের গুলিতে অর্ধশতাধিক অতিথি পাখি নিধন ও আহত করার অভিযোগ উঠেছে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, যাত্রাপুর গ্রামের শাহজাহান মোল্লার ছেলে লিটন এবং নিমতলা গ্রামের শেখ আমজাদের ছেলে সবুজ সরাসরি এ পাখি নিধনের সঙ্গে জড়িত।
বলড়া ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য দেওয়ান আব্দুল মালেক বলেন,
“অতিথি পাখি নিধনের ফলে পরিবেশের ভারসাম্য মারাত্মকভাবে বিনষ্ট হচ্ছে। এভাবে চলতে থাকলে এসব পাখি একদিন সম্পূর্ণ বিলুপ্ত হয়ে যাবে। এখনই সংরক্ষণে কার্যকর ব্যবস্থা নেওয়া সময়ের দাবি।”
স্থানীয় বাসিন্দা জাকির হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, “বিদেশি বন্দুক ব্যবহার করে প্রকাশ্যে প্রায় অর্ধশতাধিক অতিথি পাখি হত্যা করা হয়েছে। আমরা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করছি এবং এই ঘটনার তীব্র নিন্দা জানাই।”
এলাকার সচেতন নাগরিক ও সুশীল সমাজের প্রতিনিধিরা বলছেন, “এভাবে নির্বিচারে অতিথি পাখি নিধন চলতে থাকলে পরিবেশের প্রাকৃতিক ভারসাম্য ভেঙে পড়বে। অবিলম্বে পাখি নিধন বন্ধে কঠোর অভিযান ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।”
এ বিষয়ে জানতে মানিকগঞ্জ বন বিভাগের সহকারী বন সংরক্ষক (অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত) কাজী মাহিনুর রহমানের মুঠোফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।
মানিকগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) নাজমুল আরা সুলতানা মুঠোফোনে জানান, “ঘটনাটি সম্পর্কে আপনাদের মাধ্যমেই অবগত হয়েছি। বিষয়টি খতিয়ে দেখে দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।”

