ক্রীড়া ডেস্ক: আইপিএল থেকে বাংলাদেশের তারকা ক্রিকেটার মোস্তাফিজুর রহমানকে বাদ দেওয়ার ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানিয়েছে বাংলাদেশ সরকার। বিষয়টি নিয়ে আইপিএলের সম্প্রচার বন্ধের উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন ক্রীড়া উপদেষ্টা ড. আসিফ নজরুল। তার অনুরোধের প্রেক্ষিতে প্রতিক্রিয়া জানালেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা সৈয়দা রিজওয়ানা হাসান।
রোববার (৪ জানুয়ারি) সচিবালয়ে বাংলাদেশ সেক্রেটারিয়েট রিপোর্টার্স ফোরাম (বিএসআরএফ) আয়োজিত এক মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, “এই বিষয়ে চুপ করে বসে থাকার কোনো সুযোগ নেই। আমাদের একটি প্রতিক্রিয়া জানাতে হচ্ছে।”
তিনি বলেন, খেলাধুলাকে খেলাধুলার জায়গায় রাখাই সবচেয়ে ভালো হতো। কিন্তু দুঃখজনকভাবে এই ক্ষেত্রে ক্রীড়াঙ্গনে রাজনীতির প্রবেশ ঘটানো হয়েছে। সাধারণভাবে দুই দেশের মধ্যে রাজনৈতিক টানাপোড়েন থাকলেও সংস্কৃতি ও খেলাধুলার মাধ্যমে সেই দূরত্ব কমানো সম্ভব হয়। অথচ এখানে তার সম্পূর্ণ বিপরীত চিত্র দেখা গেছে।
তথ্য উপদেষ্টা আরও বলেন, “বাংলাদেশের একজন খেলোয়াড়কে আগে নিশ্চিত করার পর রাজনৈতিক যুক্তিতে তাকে বাদ দেওয়ার সিদ্ধান্ত সাধারণ মানুষের মনে আঘাত দেয়। এতে স্বাভাবিকভাবেই জনমনে প্রতিক্রিয়া তৈরি হয়।”
তিনি জানান, এমন পরিস্থিতিতে সরকারের পক্ষ থেকেও একটি অবস্থান নেওয়া জরুরি। সেই অবস্থান গ্রহণের আগে বিষয়টির আইনগত দিক ও প্রক্রিয়া খতিয়ে দেখা হচ্ছে। যাচাই-বাছাই শেষ হওয়ার পর প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান তিনি।

