ক্রীড়া ডেস্ক: আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপ সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ঘোষিত এই স্কোয়াডে জায়গা পাননি ওপেনার নাজমুল হোসেন শান্ত। একই সঙ্গে বাদ পড়েছেন উইকেটকিপার ব্যাটার জাকের আলী অনিক।
রোববার (৪ জানুয়ারি) দুপুরে আনুষ্ঠানিকভাবে দল প্রকাশ করে বিসিবি। নতুন স্কোয়াডে অধিনায়কের দায়িত্ব দেওয়া হয়েছে লিটন কুমার দাসকে। সহ-অধিনায়ক হিসেবে মনোনীত হয়েছেন সাইফ হাসান।
উইকেটের পেছনে লিটনের সঙ্গী হিসেবে দলে রাখা হয়েছে অভিজ্ঞ নুরুল হাসান সোহানকে। ব্যাটিং বিভাগে টপ অর্ডারে লিটন ও সাইফের সঙ্গে থাকছেন তানজিদ হাসান তামিম এবং পারভেজ হোসেন ইমন। মিডল অর্ডারে দলের ভরসা তাওহীদ হৃদয় ও শামীম হোসেন পাটোয়ারি।
বোলিং আক্রমণে পেস বিভাগে চেনা চার মুখই দলে আছেন। মোস্তাফিজুর রহমান, তাসকিন আহমেদ, শরিফুল ইসলাম এবং তানজিম হাসান সাকিবকে নিয়ে সাজানো হয়েছে পেস ইউনিট। অলরাউন্ডার হিসেবে নিজের জায়গা ধরে রেখেছেন মোহাম্মদ সাইফউদ্দিন।
স্পিন বিভাগে লেগ স্পিনার রিশাদ হোসেনের সঙ্গে সুযোগ পেয়েছেন শেখ মেহেদী হাসান ও নাসুম আহমেদ।
আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হচ্ছে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপ। ওই দিনই ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ দল।
বাংলাদেশের টি-টোয়েন্টি বিশ্বকাপ স্কোয়াড:
লিটন কুমার দাস (অধিনায়ক), সাইফ হাসান (সহ-অধিনায়ক), তানজিদ হাসান তামিম, পারভেজ হোসেন ইমন, তাওহীদ হৃদয়, শামীম হোসেন পাটোয়ারি, নুরুল হাসান সোহান, শেখ মেহেদী হাসান, রিশাদ হোসেন, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, তানজিম হাসান সাকিব, তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফউদ্দিন ও শরিফুল ইসলাম।

