নিজস্ব প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইরে বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় শোকসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মানিকগঞ্জ-২ আসনে বিএনপি মনোনীত প্রার্থী প্রকৌশলী মঈনুল ইসলাম খান শান্তর পক্ষ থেকে এই কর্মসূচির আয়োজন করা হয়।
শনিবার (৩ জানুয়ারি) দুপুর ২টায় সিংগাইর উপজেলার সুদক্ষিরা সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ মাহফিল অনুষ্ঠিত হয়।
বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক সাইদুর রহমান রাসেলের সভাপতিত্বে এবং মাসুদ পারভেজের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন জামির্তা ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আলামিন। এছাড়াও স্থানীয় বিএনপি ও অঙ্গসংগঠনের শীর্ষ নেতৃবৃন্দ এতে বক্তব্য প্রদান করেন।
বক্তারা তাদের বক্তব্যে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার বিদেহী আত্মার শান্তি কামনা করেন এবং দেশের উন্নয়ন ও গণতন্ত্র রক্ষায় তাঁর রাজনৈতিক আদর্শ ও অবদানের কথা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করেন।
দোয়া ও মিলাদ মাহফিলে বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মী, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সাধারণ মুসল্লিসহ প্রায় চার শতাধিক মানুষ অংশগ্রহণ করেন। এ সময় মরহুমার আত্মার মাগফিরাত এবং দেশ ও জাতির কল্যাণ কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন হাফেজ মুহাম্মদ ইব্রাহিম হোসেন।মোনাজাত শেষে উপস্থিত সকলের মাঝে তবারক বিতরণ করা হয়।

