ইংরেজি নববর্ষ ২০২৬ উপলক্ষে দেশ-বিদেশে অবস্থানরত সকল বাংলাদেশিসহ বিশ্ববাসীকে আন্তরিক শুভেচ্ছা জানিয়েছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।
বুধবার (৩১ ডিসেম্বর) নববর্ষ উপলক্ষে দেওয়া এক শুভেচ্ছা বার্তায় তিনি নতুন বছরের আগমনকে আশাবাদ, সম্প্রীতি ও গণতান্ত্রিক অগ্রযাত্রার প্রতীক হিসেবে উল্লেখ করেন।
বার্তায় প্রধান উপদেষ্টা বলেন, নতুন বছর যেন মানুষের জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধির বার্তা নিয়ে আসে। একই সঙ্গে সমাজে সৌহার্দ্য, ভ্রাতৃত্ব ও পারস্পরিক শ্রদ্ধাবোধ আরও সুদৃঢ় হোক—এমন প্রত্যাশাও ব্যক্ত করেন তিনি।
অধ্যাপক ইউনূস উল্লেখ করেন, নববর্ষ মানেই অতীতের হতাশা ও গ্লানি পেছনে ফেলে নতুন স্বপ্ন ও সম্ভাবনার পথে এগিয়ে যাওয়ার সুযোগ। নতুন বছরের সূচনা মানুষকে নতুন উদ্যমে আগামীর চ্যালেঞ্জ মোকাবিলায় অনুপ্রাণিত করে।
একটি গণতান্ত্রিক ও কল্যাণভিত্তিক বাংলাদেশ গঠনের প্রত্যয় পুনর্ব্যক্ত করে তিনি বলেন, দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে জনগণের কল্যাণে সবাই যেন ঐক্যবদ্ধভাবে কাজ করে—এই অঙ্গীকার নতুন বছরে আরও শক্তিশালী হবে।
প্রধান উপদেষ্টা আরও বলেন, জুলাই গণ-অভ্যুত্থানের পর উদ্ভূত নতুন রাজনৈতিক বাস্তবতায় আসন্ন বছরটি দেশের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ। রাষ্ট্রব্যবস্থার সংস্কার ও গণতান্ত্রিক উত্তরণের যে যাত্রা শুরু হয়েছে, তা নতুন বছরে জাতীয় নির্বাচন আয়োজন এবং জুলাই সনদ বাস্তবায়ন আদেশের ওপর গণভোটের মাধ্যমে একটি গুরুত্বপূর্ণ ধাপে পৌঁছাবে বলে তিনি আশা প্রকাশ করেন।
বার্তায় তিনি আশাবাদ জানান, সকল ষড়যন্ত্র ও বাধা অতিক্রম করে এই নির্বাচন ও গণভোট দেশের গণতান্ত্রিক অগ্রযাত্রাকে আরও গতিশীল করবে। নতুন বছরে এটিই জাতির সবচেয়ে বড় প্রত্যাশা বলে উল্লেখ করেন প্রধান উপদেষ্টা।

