ডেস্ক রিপোর্ট: বিপুল মানুষের উপস্থিতিতে জাতীয় সংসদ ভবনসংলগ্ন মানিক মিয়া অ্যাভিনিউতে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজা অনুষ্ঠিত হয়েছে। জানাজা শেষ হওয়ার পর তাঁর মরদেহ দাফনের উদ্দেশ্যে জিয়া উদ্যানে নিয়ে যাওয়া হয়।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কঠোর নিরাপত্তার মধ্যে জাতীয় পতাকায় আবৃত মরদেহ বহনকারী গাড়ি সংসদ ভবন এলাকা ত্যাগ করে জিয়া উদ্যানে পৌঁছায়। বিকেল সাড়ে চারটার দিকে বিশেষ বাহনে করে তাঁকে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিস্থলের নিকটে নেওয়া হয়।
সমাধির কাছাকাছি পৌঁছালে সেনা ও নৌবাহিনীর সদস্যরা কাঁধে তুলে নেন খালেদা জিয়ার কফিন। রাষ্ট্রীয় মর্যাদা প্রদান শেষে জিয়াউর রহমানের পাশে তাঁকে দাফনের প্রক্রিয়া শুরু হয়।
এ সময় উপস্থিত ছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান, তাঁর স্ত্রী জুবাইদা রহমান, কন্যা জাইমা রহমান, আরাফাত রহমান কোকোর স্ত্রী শামিলা রহমান ও কন্যা জাফিরা রহমানসহ পরিবারের সদস্যরা। পাশাপাশি বিএনপির শীর্ষ নেতাকর্মী ও বিভিন্ন রাজনৈতিক দলের প্রতিনিধিরাও শোক ও শ্রদ্ধা জানান।
এর আগে দুপুর ৩টা ৩ মিনিটে মানিক মিয়া অ্যাভিনিউতে জানাজা শুরু হয় এবং মাত্র দুই মিনিটের মধ্যে তা সম্পন্ন হয়। জানাজায় অংশ নিতে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে মানুষের ঢল নামে, ফলে আশপাশের সড়কগুলোতে তীব্র জনসমাগম দেখা যায়।

