ডেস্ক রিপোর্ট: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুর খবর বিশ্বজুড়ে শীর্ষস্থানীয় গণমাধ্যমগুলোতে গুরুত্বের সঙ্গে প্রকাশিত হয়েছে। বিএনপির ভেরিফায়েড ফেসবুক পেজ থেকে জানানো হয়, আজ সকাল ৬টায় ফজরের নামাজের পরপরই ‘দেশনেত্রী’ বেগম খালেদা জিয়া ইন্তেকাল করেন।
বাংলাদেশের রাজনীতিতে আপসহীন নেতৃত্বের প্রতীক হিসেবে পরিচিত খালেদা জিয়ার মৃত্যু আন্তর্জাতিক সংবাদমাধ্যমগুলো বিশেষ গুরুত্ব দিয়ে কাভার করে। বিবিসি, রয়টার্স, আল জাজিরা, সিএনএনসহ বিশ্বের প্রভাবশালী গণমাধ্যম এবং প্রতিবেশী ভারতের শীর্ষ সংবাদমাধ্যমগুলো এই খবরকে তাদের প্রধান শিরোনামে স্থান দেয়। কয়েকটি আন্তর্জাতিক গণমাধ্যম তাদের ডিজিটাল প্ল্যাটফর্মে ঘটনাটি নিয়ে সরাসরি (লাইভ) সংবাদ প্রচারও করে।
আন্তর্জাতিক গণমাধ্যমগুলোর প্রতিবেদনে খালেদা জিয়াকে বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী এবং দেশের প্রথম নারী প্রধানমন্ত্রী হিসেবে উল্লেখ করা হয়েছে। ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি শিরোনামে লিখেছে, “বাংলাদেশের প্রথম নারী প্রধানমন্ত্রী খালেদা জিয়া ৮০ বছর বয়সে মারা গেছেন।”
একই ধরনের শিরোনাম দিয়েছে ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স। প্রতিবেদনে তারা দীর্ঘদিনের অসুস্থতার কথা উল্লেখ করেছে। মধ্যপ্রাচ্যের প্রভাবশালী গণমাধ্যম আল জাজিরা তাদের প্রতিবেদনে শিরোনাম করে, “বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া মারা গেছেন।”
ভারতের গণমাধ্যমগুলোতেও এই খবর বিশেষ গুরুত্ব পায়। দেশটির প্রভাবশালী সংবাদমাধ্যম এনডিটিভি শিরোনামে উল্লেখ করে, “দীর্ঘ অসুস্থতার পর তিনবারের সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া মারা গেছেন।”
এছাড়া বিশ্বের প্রায় সব শীর্ষস্থানীয় গণমাধ্যমই বেগম খালেদা জিয়ার মৃত্যুর ঘটনাকে গুরুত্ব দিয়ে প্রকাশ করেছে, যা তার রাজনৈতিক গুরুত্ব ও আন্তর্জাতিক পরিচিতির প্রতিফলন বলে মনে করছেন বিশ্লেষকরা।
