ডেস্ক রিপোর্ট: বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে রাজধানীর শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে তাঁর স্বামী, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরের পাশে দাফনের সম্ভাবনা রয়েছে। দলীয় সূত্রে জানানো হয়েছে, এ বিষয়ে প্রস্তুতি চলছে।
বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমেদ প্রথম আলোকে বলেন, খালেদা জিয়ার জানাজা আগামীকাল বুধবার রাজধানীর মানিক মিয়া অ্যাভিনিউতে অনুষ্ঠিত হতে পারে। জানাজা ও দাফনের আনুষ্ঠানিকতা সম্পন্ন করতে অন্তর্বর্তী সরকারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করছে বিএনপি।
দীর্ঘদিন ধরেই নানা শারীরিক জটিলতায় ভুগছিলেন খালেদা জিয়া। চলতি বছরের ৭ জানুয়ারি উন্নত চিকিৎসার জন্য তাঁকে লন্ডনে নেওয়া হয়েছিল। সেখানে চিকিৎসা শেষে তাঁর শারীরিক অবস্থার কিছুটা উন্নতি হলেও বয়সজনিত নানা রোগ ও শারীরিক দুর্বলতা তাঁকে ক্রমেই নাজুক করে তোলে। প্রায়ই গুরুতর অসুস্থ হয়ে তাঁকে হাসপাতালে ভর্তি করাতে হতো।
সবশেষ গত ২৩ নভেম্বর খালেদা জিয়াকে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়। এক মাসেরও বেশি সময় তিনি সেখানে চিকিৎসাধীন ছিলেন। তবে শেষ পর্যন্ত চিকিৎসায় আর সাড়া দিতে পারেননি তিনি।
বিএনপির মিডিয়া সেলের সদস্য আতিকুর রহমান রুমন জানান, মঙ্গলবার সকাল ছয়টার দিকে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় খালেদা জিয়া ইন্তেকাল করেন। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।
‘দেশনেত্রী’ ও ‘আপসহীন নেত্রী’ হিসেবে পরিচিত খালেদা জিয়ার মৃত্যুতে রাজনৈতিক অঙ্গনে গভীর শোকের ছায়া নেমে এসেছে। প্রিয় দেশবাসীকে শোকসাগরে ভাসিয়ে তিনি না–ফেরার দেশে পাড়ি জমালেন।

