নিজস্ব প্রতিবেদক, মানিকগঞ্জ:
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে মানিকগঞ্জ জেলার তিনটি সংসদীয় আসনে মোট ২৭ জন প্রার্থী তাদের মনোনয়নপত্র জমা দিয়েছেন। মনোনয়ন দাখিলের শেষ দিনে জেলা নির্বাচন কার্যালয় ও সংশ্লিষ্ট রিটার্নিং কর্মকর্তার দপ্তরে বিভিন্ন রাজনৈতিক দল ও স্বতন্ত্র প্রার্থীদের উপস্থিতিতে উৎসবমুখর পরিবেশের সৃষ্টি হয়।
মনোনয়ন দাখিলের মধ্য দিয়ে মানিকগঞ্জে নির্বাচনী আমেজ স্পষ্ট হয়ে উঠেছে। রাজনৈতিক দলগুলোর পাশাপাশি স্বতন্ত্র প্রার্থীদের উল্লেখযোগ্য অংশগ্রহণে এবারের নির্বাচন হবে বহুমাত্রিক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ—এমনটাই মনে করছেন রাজনৈতিক বিশ্লেষকরা।
আসনভিত্তিকভাবে মনোনয়ন দাখিলকারী প্রার্থীদের সংখ্যা ও রাজনৈতিক পরিচয় নিচে তুলে ধরা হলো—
মানিকগঞ্জ–১ (ঘিওর, দৌলতপুর ও শিবালয়)
এই আসনে মোট ৯ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন।
প্রার্থীরা হলেন—এস এ জিন্নাহ কবীর (বিএনপি), আবু বক্কর সিদ্দিক (জামায়াতে ইসলামী), মোহাম্মদ ইলিয়াছ হুসাইন (গণঅধিকার পরিষদ), তোজাম্মেলক হক তোজা (স্বতন্ত্র), মোঃ হেদায়েতুল্লাহ (খেলাফত মজলিস), দিলীপ কুমার দাশ (বাংলাদেশ মাইনরিটি জনতা পার্টি), মোঃ আব্দুল আলী বেপারী (স্বতন্ত্র), মোঃ শাহজাহান খান (জনতা দল) এবং মোঃ খোরশেদ আলম (ইসলামী আন্দোলন বাংলাদেশ)।
মানিকগঞ্জ–২ (সিংগাইর ও হরিরামপুর)
এ আসনে মোট ৬ জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন।
তাঁরা হলেন— মাঈনুল ইসলাম খান শান্ত (বিএনপি), এস এম আব্দুল মান্নান (জাতীয় পার্টি), মোঃ সালাউদ্দিন (খেলাফত মজলিস), আবিদুর রহমান নোমান (স্বতন্ত্র), মোঃ আব্দুল হক মোল্লা (স্বতন্ত্র) এবং মোহাম্মদ আলী (ইসলামী আন্দোলন বাংলাদেশ)।
মানিকগঞ্জ–৩ (মানিকগঞ্জ সদর ও সাটুরিয়া)
এই আসনে সর্বাধিক ১২ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন।
তাঁরা হলেন—আফরোজা খানম রিতা (বিএনপি), মফিজুল ইসলাম খান কামাল (স্বতন্ত্র), মাওলানা মুহাঃ দেলওয়ার হোসাইন (জামায়াতে ইসলামী), আতাউর রহমান আতা (স্বতন্ত্র), রফিকুল ইসলাম (স্বতন্ত্র), মোঃ শাহজাহান আলী (বাংলাদেশ জাসদ), মুহাম্মদ সাঈদ নূর (খেলাফত মজলিস), মোহাম্মদ রফিকুল ইসলাম (এবি পার্টি), মোঃ ফারুক হোসেন (স্বতন্ত্র), মোয়াজ্জেম হোসেন খান মজলিশ (জাতীয় পার্টি–জেপি), আবুল বাশার বাদশা (জাতীয় পার্টি) এবং সামসুদ্দিন (ইসলামী আন্দোলন বাংলাদেশ)।
জেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, নির্ধারিত সময়সূচি অনুযায়ী মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে বৈধ প্রার্থীদের তালিকা প্রকাশ করা হবে। পরবর্তীতে প্রার্থিতা প্রত্যাহারের সময়সীমা শেষ হলে চূড়ান্ত প্রার্থী তালিকা ঘোষণা করা হবে।

