ইনকিলাব মঞ্চের মুখপাত্র শহিদ শরিফ ওসমান বিন হাদি হত্যাকাণ্ডে হামলাকারীর দুই সহযোগী ভারতে আটক হয়েছেন বলে জানিয়েছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। রোববার (২৮ ডিসেম্বর) সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ তথ্য জানান ডিএমপির অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস) এস এন মো. নজরুল ইসলাম।
তিনি জানান, এ ঘটনায় এখন পর্যন্ত ১১ জনকে গ্রেপ্তার করা হয়েছে। জব্দ করা আলামতের মধ্যে রয়েছে দুটি বিদেশি পিস্তল, ৫২ রাউন্ড গুলি, ম্যাগাজিন, ছোরা, মোটরসাইকেল, ভুয়া নম্বরপ্লেট, অটোরিকশা ও বিপুল পরিমাণ আর্থিক নথিপত্র।
পুলিশ জানায়, ঘটনার পর হামলাকারী ও তার সহযোগীরা দেশের বিভিন্ন এলাকা হয়ে অবৈধভাবে সীমান্ত পাড়ি দিয়ে ভারতে পালিয়ে যায়। অনানুষ্ঠানিকভাবে মেঘালয় পুলিশের মাধ্যমে জানা গেছে, এ ঘটনায় সংশ্লিষ্ট পুত্তি ও সামী নামে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে।
ডিএমপি আরও জানায়, মামলাটি তদন্তের শেষ পর্যায়ে রয়েছে এবং আগামী ৭–১০ দিনের মধ্যে চার্জশিট দাখিল করা হবে।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর পল্টনে গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হন শরিফ ওসমান হাদি। চিকিৎসার জন্য সিঙ্গাপুর নেওয়ার পর ১৮ ডিসেম্বর তিনি মারা যান। পরে মামলায় হত্যা ধারা যুক্ত করা হয়।

