ডেস্ক রিপোর্ট: দেশের বিচার বিভাগের নেতৃত্বে নতুন অধ্যায় শুরু হলো। রোববার সকালে দেশের ২৬তম প্রধান বিচারপতি হিসেবে আনুষ্ঠানিকভাবে শপথ গ্রহণ করেছেন জুবায়ের রহমান চৌধুরী। সকাল সাড়ে ১০টায় বঙ্গভবনে আয়োজিত অনুষ্ঠানে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তাঁর হাতে শপথবাক্য পাঠ করান।
শপথ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূস এবং সদ্য অবসরপ্রাপ্ত প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। রাষ্ট্রীয় এই আয়োজনটি বাংলাদেশ টেলিভিশন ও বাংলাদেশ বেতারের মাধ্যমে সরাসরি সম্প্রচার করা হয়।
এর আগে গত ২৪ ডিসেম্বর রাষ্ট্রপতির আদেশে জুবায়ের রহমান চৌধুরীকে প্রধান বিচারপতি হিসেবে নিয়োগ দেওয়া হয়। আজ শপথ গ্রহণের মধ্য দিয়ে সেই নিয়োগ আনুষ্ঠানিকভাবে কার্যকর হলো।
বিচার বিভাগে দীর্ঘ অভিজ্ঞতার অধিকারী জুবায়ের রহমান চৌধুরী ১৯৮৫ সালে জজ কোর্টে এবং ১৯৮৭ সালে হাইকোর্ট বিভাগে আইনজীবী হিসেবে পেশাগত জীবন শুরু করেন। ২০০৩ সালের ২৭ আগস্ট তিনি হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান। দুই বছর পর তাঁর নিয়োগ স্থায়ী হয়। পরবর্তীতে ২০২৪ সালের ১২ আগস্ট তিনি আপিল বিভাগের বিচারপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেন।
শিক্ষাজীবনে জুবায়ের রহমান চৌধুরী ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি (অনার্স) ও এলএলএম ডিগ্রি অর্জন করেন। পরবর্তীতে যুক্তরাজ্যে আন্তর্জাতিক আইনে উচ্চতর ডিগ্রি সম্পন্ন করেন।
নতুন প্রধান বিচারপতির শপথ গ্রহণের মাধ্যমে বিচার বিভাগে ধারাবাহিকতা ও নেতৃত্বের নতুন পর্যায় সূচিত হলো বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

