ক্রীড়া ডেস্ক: ইংলিশ প্রিমিয়ার লিগে বক্সিং ডের রাতে স্বস্তির জয় পেয়েছে ম্যানচেস্টার ইউনাইটেড। ওল্ড ট্রাফোর্ডে অনুষ্ঠিত ম্যাচে প্যাট্রিক ডোগুর একমাত্র গোলে নিউক্যাসল ইউনাইটেডকে ১–০ ব্যবধানে পরাজিত করে রেড ডেভিলরা।
গ্যালারি ভর্তি দর্শকের সামনে ম্যাচের প্রথমার্ধেই ম্যাচের ভাগ্য গড়ে দেয় ইউনাইটেড। ২৬ মিনিটে কর্নার থেকে তৈরি হওয়া আক্রমণে দুর্দান্ত ভলিতে গোল করেন প্যাট্রিক ডোগু। ম্যানইউর জার্সিতে এটিই ছিল তাঁর প্রথম গোল, যা দলকে গুরুত্বপূর্ণ তিন পয়েন্ট এনে দেয়।
গোল হজমের পর ম্যাচের নিয়ন্ত্রণ অনেকটাই নেয় নিউক্যাসল। বল দখল, আক্রমণ—সব পরিসংখ্যানেই এগিয়ে ছিল সফরকারীরা। ম্যাচজুড়ে ৬৬ শতাংশ বল দখলে রেখে ইউনাইটেডের গোলমুখে ১৩টি শট নেয় নিউক্যাসল। তবে কার্যকর ফিনিশিংয়ের অভাবে কোনো গোল করতে পারেনি তারা।
অন্যদিকে বল দখলে পিছিয়ে থাকলেও আক্রমণে কম যায়নি ম্যানচেস্টার ইউনাইটেড। নিউক্যাসলের পোস্ট লক্ষ্য করে ১০টি আক্রমণ চালায় স্বাগতিকরা, যদিও আর গোলের দেখা পায়নি।
টানা দুই ম্যাচে হারের পর এই জয় ইউনাইটেড শিবিরে স্বস্তি ফিরিয়েছে। ম্যাচ শেষে ২৯ পয়েন্ট নিয়ে লিগ টেবিলের পঞ্চম স্থানে উঠে এসেছে রুবেন আমোরিমের দল।

