ডেস্ক রিপোর্ট: অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের জন্য জুনিয়র বৃত্তি পরীক্ষা শুরু হচ্ছে আজ রোববার, ২৮ ডিসেম্বর ২০২৫। চার দিনব্যাপী এই পরীক্ষা চলবে আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত। প্রতিদিন সকাল ১০টা থেকে দুপুর ১টা পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হবে।
পরীক্ষার সূচি অনুযায়ী, আজ প্রথম দিনে বাংলা বিষয়ের পরীক্ষা নেওয়া হবে। আগামীকাল ২৯ ডিসেম্বর অনুষ্ঠিত হবে ইংরেজি, ৩০ ডিসেম্বর গণিত ও বিজ্ঞান এবং শেষ দিন ৩১ ডিসেম্বর বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ের পরীক্ষা।
শিক্ষা বোর্ডের পক্ষ থেকে পরীক্ষার্থীদের জন্য বেশ কিছু গুরুত্বপূর্ণ নির্দেশনা দেওয়া হয়েছে। নির্দেশনায় বলা হয়েছে, জুনিয়র বৃত্তি পরীক্ষা ২০২৫ সম্পূর্ণ অষ্টম শ্রেণির পূর্ণাঙ্গ পাঠ্যসূচির আলোকে অনুষ্ঠিত হবে। বাংলা, ইংরেজি ও গণিত বিষয়ে ১০০ নম্বরের পরীক্ষা তিন ঘণ্টা সময় ধরে নেওয়া হবে। বিজ্ঞান এবং বাংলাদেশ ও বিশ্বপরিচয় বিষয়ে ৫০ করে মোট ১০০ নম্বরের পরীক্ষা হবে, যেখানে প্রতিটি অংশের সময় নির্ধারিত থাকবে এক ঘণ্টা ৩০ মিনিট।
পরীক্ষা শুরুর অন্তত ৩০ মিনিট আগে পরীক্ষার্থীদের কেন্দ্রে প্রবেশ নিশ্চিত করতে বলা হয়েছে। নির্ধারিত সময়ের পর কেউ কেন্দ্রে পৌঁছালে কেন্দ্রসচিব বিশেষ বিবেচনায় প্রয়োজনীয় তথ্য রেজিস্টারে লিপিবদ্ধ করে প্রবেশের অনুমতি দিতে পারবেন।
নির্দেশনায় আরও জানানো হয়েছে, পরীক্ষাকেন্দ্রে মোবাইল ফোন বা যেকোনো ধরনের ইলেকট্রনিক ডিভাইস সম্পূর্ণ নিষিদ্ধ। কেন্দ্রসচিব ব্যতীত অন্য কেউ এসব ডিভাইস কেন্দ্রে নিতে পারবেন না।
উত্তরপত্র পূরণের ক্ষেত্রেও সতর্ক থাকার নির্দেশ দেওয়া হয়েছে। পরীক্ষার্থীদের ওএমআর ফরমে বলপেন ব্যবহার করে রোল নম্বর, রেজিস্ট্রেশন নম্বর ও বিষয় কোড সঠিকভাবে লিখে বৃত্ত পূরণ করতে হবে। কোনো অবস্থাতেই উত্তরপত্র ভাঁজ করা যাবে না।
গণিত ও বিজ্ঞান পরীক্ষার ক্ষেত্রে বোর্ড অনুমোদিত নির্দিষ্ট মডেলের ক্যালকুলেটর ব্যবহার করা যাবে। এর বাইরে কোনো প্রোগ্রামেবল বা নিষিদ্ধ ক্যালকুলেটর ব্যবহার সম্পূর্ণভাবে নিষিদ্ধ। সাধারণ নন-সায়েন্টিফিক ক্যালকুলেটর ব্যবহারের সুযোগ থাকবে।
পরীক্ষা শুরুর এক ঘণ্টা পূর্ণ হওয়ার আগে কোনো পরীক্ষার্থীর উত্তরপত্র গ্রহণ করা হবে না। জরুরি প্রাকৃতিক প্রয়োজন ছাড়া পরীক্ষা চলাকালে কাউকে কক্ষের বাইরে যাওয়ার অনুমতি দেওয়া হবে না। পরীক্ষা শেষে ইনভিজিলেটর উত্তরপত্র সংগ্রহ না করা পর্যন্ত পরীক্ষার্থীদের আসন ত্যাগ করতে নিষেধ করা হয়েছে।
এ ছাড়া পরীক্ষার্থীদের হাজিরা খাতায় স্বাক্ষর করা বাধ্যতামূলক। পরীক্ষা শেষ হওয়ার ১০ মিনিট আগে সতর্ক ঘণ্টা বাজানো হবে এবং সময় শেষ হওয়ার সঙ্গে সঙ্গেই উত্তরপত্র জমা নিতে নির্দেশ দেওয়া হয়েছে।
শিক্ষা বোর্ড সংশ্লিষ্টরা বলছেন, পরীক্ষার সুষ্ঠু পরিবেশ নিশ্চিত করতে এসব নির্দেশনা কঠোরভাবে অনুসরণ করা হবে।

