ডেস্ক রিপোর্ট: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের গণসংবর্ধনা অনুষ্ঠানে অংশ নিতে ঢাকায় যাওয়ার সময় হঠাৎ অসুস্থ হয়ে এক কৃষক দল নেতার মৃত্যু হয়েছে। বুধবার দিবাগত রাত আনুমানিক পৌনে একটার দিকে ফরিদপুরের ভাঙ্গা পৌরসভার গোলচত্বর এলাকায় এই ঘটনা ঘটে।
নিহত নেতার নাম খাইরুজ্জামান আলম মুন্সি (৪৫)। তিনি নড়াইলের লোহাগড়া উপজেলা কৃষক দলের আহ্বায়ক ছিলেন এবং উপজেলার দিঘলিয়া গ্রামের বাসিন্দা।
দলীয় সূত্রে জানা যায়, বিভিন্ন জেলা থেকে আগত নেতা–কর্মীদের গাড়িবহর ভাঙ্গা এলাকায় জড়ো হওয়ার সময় খাইরুজ্জামান আলম হঠাৎ অসুস্থ হয়ে পড়েন। সঙ্গে থাকা সহকর্মীরা তাঁকে দ্রুত ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। তবে সেখানে পৌঁছানোর পর চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভাঙ্গা উপজেলা কৃষক দলের সাংগঠনিক সম্পাদক আবদুল্লাহ আল মামুন বলেন, দীর্ঘদিন পর দলের শীর্ষ নেতা তারেক রহমান দেশে ফেরায় সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দিতে তাঁরা ঢাকার উদ্দেশে রওনা হয়েছিলেন। পথিমধ্যে গাড়িবহরে থাকা অবস্থায় খাইরুজ্জামান আলম হঠাৎ অসুস্থ হয়ে পড়েন।
ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসা সহকারী মো. আক্তারুজ্জামান জানান, রাত পৌনে একটার দিকে কর্তব্যরত চিকিৎসক তানজিরুল ইসলাম ওই কৃষক দল নেতাকে মৃত ঘোষণা করেন।
এই ঘটনায় স্থানীয় নেতা–কর্মীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।

