নিজস্ব প্রতিনিধি :
সারাদেশে সাংবাদিক নির্যাতন, হত্যা এবং গণমাধ্যম কার্যালয়ে হামলা ও অগ্নিসংযোগের ঘটনার প্রতিবাদে মানিকগঞ্জে মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) বেলা ১১টার দিকে মানিকগঞ্জ শহরের শহীদ রফিক চত্বরে এ কর্মসূচির আয়োজন করে টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি, মানিকগঞ্জ।
সংগঠনের সভাপতি বিএম খোরশেদ-এর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক আশরাফুল আলম লিটন-এর সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা পরিষদের সদস্য গোলাম ছারোয়ার ছানু, মনিরুল ইসলাম মিহির, মানিকগঞ্জ প্রেসক্লাবের সাবেক সহ-সভাপতি সাইফুদ্দিন আহমেদ নান্নু, সাবেক সাধারণ সম্পাদক বিপ্লব চক্রবর্তী, সাংবাদিক সমিতির সভাপতি মানবেন্দ্র চক্রবর্তী, সম্পাদক পরিষদের কার্যকরী সদস্য এডভোকেট আমিনুল হক আকবর, প্রথম আলো-এর প্রতিনিধি আব্দুল মোমিনসহ আরও অনেকে।
এছাড়াও বক্তব্য রাখেন সংগঠনের সহ-সভাপতি ইউসুফ আলী, যুগ্ম সম্পাদক মঞ্জুর রহমান, সাংগঠনিক সম্পাদক মারুফ হোসেন, দপ্তর সম্পাদক রাশেদুর রহমান চৌধুরী, কার্যকরী পরিষদের সদস্য আসাদ জামান, আল আমিন মাহমুদ প্রমুখ।
মানববন্ধনে টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি, মানিকগঞ্জ প্রেসক্লাব, সাংবাদিক সমিতি, সম্পাদক পরিষদসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকরা অংশগ্রহণ করেন।
বক্তারা বলেন, সাংবাদিক ও গণমাধ্যমের ওপর বারবার হামলা স্বাধীন সাংবাদিকতার পথে বড় অন্তরায়। এ ধরনের অপতৎপরতা গণতন্ত্র ও মতপ্রকাশের স্বাধীনতাকে হুমকির মুখে ফেলছে। অবিলম্বে সাংবাদিক নির্যাতন ও গণমাধ্যমে হামলার সঙ্গে জড়িতদের চিহ্নিত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনার জোর দাবি জানান তারা।

