বিশেষ প্রতিনিধি :
ঘন কুয়াশার কারণে প্রায় সাড়ে চার ঘণ্টা বন্ধ থাকার পর দেশের গুরুত্বপূর্ণ পাটুরিয়া–দৌলতদিয়া নৌরুটে পুনরায় ফেরি চলাচল শুরু হয়েছে। বুধবার (২৪ ডিসেম্বর) সকাল পৌনে ১১টার দিকে ফেরিগুলো আবার চলাচল শুরু করে বলে জানিয়েছে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ-পরিবহন করপোরেশন (বিআইডব্লিউটিসি)।
এর আগে ভোর থেকেই নদী এলাকায় তীব্র কুয়াশা পড়তে থাকে। সকাল সোয়া ৬টার পর নৌপথে দৃশ্যমানতা অত্যন্ত কমে গেলে যাত্রী ও নৌযানের নিরাপত্তার কথা বিবেচনা করে সাময়িকভাবে ফেরি চলাচল বন্ধ রাখে কর্তৃপক্ষ।
ফেরি চলাচল বন্ধ থাকায় পাটুরিয়া ও দৌলতদিয়া ঘাট এলাকায় পণ্যবাহী ট্রাক, দূরপাল্লার বাসসহ শতাধিক যানবাহন আটকা পড়ে। এতে যাত্রী ও পরিবহন শ্রমিকদের মধ্যে চরম দুর্ভোগ দেখা দেয়।
বিআইডব্লিউটিসি আরিচা কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক আব্দুস সালাম জানান, দুর্ঘটনার ঝুঁকি এড়াতে সকাল সোয়া ৬টা থেকে ফেরি চলাচল বন্ধ রাখা হয়। পরে কুয়াশার ঘনত্ব কমে এলে পরিস্থিতি পর্যবেক্ষণ করে সকাল পৌনে ১১টায় ফেরি চলাচল পুনরায় চালু করা হয়।
তিনি আরও বলেন, বর্তমানে সীমিত সংখ্যক ফেরি দিয়ে ধাপে ধাপে যানবাহন পারাপার করা হচ্ছে এবং সার্বিক পরিস্থিতির ওপর সার্বক্ষণিক নজর রাখা হচ্ছে।
ফেরি চলাচল স্বাভাবিক হওয়ায় দীর্ঘ সময় অপেক্ষায় থাকা যাত্রী ও পরিবহন শ্রমিকদের মধ্যে স্বস্তি ফিরে এসেছে।

