নিজস্ব প্রতিনিধি :
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মানিকগঞ্জ-২ আসনে প্রতিদ্বন্দ্বিতার প্রস্তুতি নিয়েছেন জাতীয় পার্টির প্রেসিডিয়াম সদস্য, মানিকগঞ্জ জেলা জাতীয় পার্টির সভাপতি ও সাবেক সংসদ সদস্য এস এম আব্দুল মান্নান। তিনি দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন।

মঙ্গলবার (২৩ ডিসেম্বর) দুপুরে সিংগাইর উপজেলা নির্বাচন অফিসারের কার্যালয় থেকে তার পক্ষে মনোনয়ন ফরম সংগ্রহ করা হয়। বিষয়টি নিশ্চিত করেন উপজেলা জাতীয় পার্টির আহ্বায়ক মো. রফিকুল ইসলাম। তিনি জানান, দলীয় সিদ্ধান্ত অনুযায়ী মানিকগঞ্জ-২ আসনে এস এম আব্দুল মান্নানকেই চূড়ান্ত প্রার্থী হিসেবে মনোনীত করা হয়েছে।
দলীয় ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০০৮ সালের নবম জাতীয় সংসদ নির্বাচনে মহাজোটের প্রার্থী হিসেবে অংশ নিয়ে তিনি বিএনপির প্রার্থী আফরোজা খান রিতাকে ৪০ হাজার ৮২৯ ভোটের ব্যবধানে পরাজিত করে সংসদ সদস্য নির্বাচিত হন। ২০১৪ সালের দশম জাতীয় সংসদ নির্বাচনে জাতীয় পার্টির মনোনয়ন পেলেও মনোনয়নপত্র জমা না দেওয়ায় আওয়ামী লীগের প্রার্থী কণ্ঠশিল্পী মমতাজ বেগম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন। পরে ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আবারও জাতীয় পার্টির মনোনয়ন পেলেও আওয়ামী লীগের পেশিশক্তির প্রভাবের অভিযোগ তুলে ভোটের দুই দিন আগে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণা দেন তিনি।
দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন-পরবর্তী রাজনৈতিক বাস্তবতায় এবার ত্রয়োদশ সংসদ নির্বাচনে পুরোনো ভোটব্যাংক ও সাংগঠনিক শক্তিকে পুঁজি করে এস এম আব্দুল মান্নানকে পুনরায় সংসদে পাঠাতে আগ্রহী দলীয় নেতা-কর্মী ও সমর্থকরা।
