আর্জেন্টাইন ফুটবল তারকা লিওনেল মেসির ছোট বোন মারিয়া সল মেসি যুক্তরাষ্ট্রের মায়ামিতে একটি গাড়ি দুর্ঘটনার শিকার হয়েছেন। দুর্ঘটনায় তাঁর শরীরের কিছু অংশ পুড়ে গেছে এবং মেরুদণ্ডের দুটি কশেরুকা ক্ষতিগ্রস্ত হয়েছে। এই ঘটনার কারণে তাঁর বিয়ের নির্ধারিত তারিখ পিছিয়ে দেওয়া হয়েছে।
আগামী ৩ জানুয়ারি মারিয়ার বিয়ে অনুষ্ঠিত হওয়ার কথা ছিল। আর্জেন্টিনার সংবাদমাধ্যম ক্লারিন এই তথ্য জানিয়েছে।
প্রতিবেদনে বলা হয়, মারিয়া নিজেই দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন। পাশাপাশি তাঁর মা সেলিয়া মেসি এবং আর্জেন্টিনার সাংবাদিক ও টিভি উপস্থাপক আনহেল দি ব্রিতোও বিষয়টি সংবাদমাধ্যমকে জানিয়েছেন। বর্তমানে মারিয়া শঙ্কামুক্ত থাকলেও সম্পূর্ণ সুস্থ হতে তাঁকে আরও কিছুদিন বিশ্রামে থাকতে হবে।
মেসির জন্মভূমি আর্জেন্টিনার রোজারিওতে বিয়ের অনুষ্ঠান হওয়ার কথা ছিল। দুর্ঘটনার সময় মারিয়া একটি এসইউভি গাড়ি চালাচ্ছিলেন। সে সময় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে দেয়ালে ধাক্কা দেয়। এতে তাঁর কবজি আংশিক পুড়ে যায়, মেরুদণ্ডের দুটি কশেরুকা ক্ষতিগ্রস্ত হয় এবং একটি গোড়ালি ভেঙে যায় বলে জানিয়েছেন তাঁর মা সেলিয়া।
৩২ বছর বয়সী মারিয়ার বাগদত্তার নাম হুলিয়ান ‘তুলি’ আরেল্লানো। দীর্ঘ ১২ বছর ধরে তাঁদের মধ্যে প্রেমের সম্পর্ক রয়েছে। হুলিয়ান বর্তমানে ইন্টার মায়ামি ক্লাবের অনূর্ধ্ব–১৯ দলের সহকারী কোচ হিসেবে দায়িত্ব পালন করছেন।

কৈশোর বয়সে রোজারিওর দক্ষিণাঞ্চল লা বাজাদা এলাকায় বসবাসকালে মারিয়া ও হুলিয়ানের পরিচয় এবং প্রেমের সম্পর্কের শুরু। দুই পরিবারের মধ্যেও দীর্ঘদিনের পরিচয় রয়েছে। ছোটবেলায় মেসির ভাইদের সঙ্গে স্থানীয় ক্লাবে ফুটবল খেলেছেন হুলিয়ান। ২০১৭ সালে লিওনেল মেসির বিয়েতেও তিনি উপস্থিত ছিলেন।
মেসির পরিবারের সদস্য হলেও মারিয়া সাধারণত গণমাধ্যমের আড়ালেই থাকেন। পেশায় তিনি একজন ব্যবসায়ী। ফ্যাশন ডিজাইনিংয়ের পাশাপাশি তিনি নারীদের সাঁতারের পোশাক প্রস্তুতকারী ব্র্যান্ড ‘বিকিনিস রিও’–এর মালিক। স্প্যানিশ সংবাদমাধ্যম মার্কা জানিয়েছে, দুর্ঘটনার পর সুস্থ হলে রোজারিওতেই মারিয়া ও হুলিয়ানের বিয়ে অনুষ্ঠিত হবে।
হুলিয়ানের কোচিং ক্যারিয়ারও শুরু রোজারিও থেকেই। ২০২৩ সালে ফ্লোরিডা ইউনাইটেড সকার লিগে ইন্টার মায়ামির বয়সভিত্তিক দলের সাউথ ডিভিশন শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন তিনি।

