ডেস্ক রিপোর্ট: ওসমান হাদির ঘটনায় সাধারণ মানুষের মধ্যে কিছুটা আতঙ্ক তৈরি হলেও দেশের সামগ্রিক নির্বাচনী পরিবেশ স্বাভাবিক রয়েছে বলে মন্তব্য করেছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তিনি বলেন, পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে এবং নির্বাচন ঘিরে বড় কোনো শঙ্কার কারণ নেই।
সোমবার (২২ ডিসেম্বর) রাজধানীর তেজগাঁও মেইল প্রসেসিং সেন্টারে প্রবাসী ভোটিং কার্যক্রম পরিদর্শন শেষে সাংবাদিকদের এসব কথা বলেন সিইসি।
তিনি জানান, ভোটের তারিখ যত কাছে আসবে, আইনশৃঙ্খলা পরিস্থিতি ততই উন্নত হবে। একই সঙ্গে প্রার্থী ও ভোটারদের মধ্যে যে ভয় বা উদ্বেগ রয়েছে, সেটিও ধীরে ধীরে কেটে যাবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।
সিইসি বলেন, বর্তমান পরিস্থিতিতে ভোট উৎসবের পথে কোনো বাধা নেই। নির্বাচন কমিশন, রাজনৈতিক দল এবং ভোটার—সবাই এই নির্বাচনী প্রক্রিয়ায় একসঙ্গে কাজ করছে। দেশের ইতিহাসে প্রথমবার বড় পরিসরে পোস্টাল ভোটিং চালু হওয়ায় নিবন্ধন প্রক্রিয়ায় কিছু সীমাবদ্ধতা দেখা দিলেও সামগ্রিক কার্যক্রমে কমিশন সন্তুষ্ট।
ভোটারদের উদ্দেশে তিনি বলেন, “আর মাত্র তিন দিন সময় রয়েছে। দেশের ভেতরে যারা পোস্টাল ব্যালটে ভোট দিতে চান, তারা এই সময়ের মধ্যেই নিবন্ধন সম্পন্ন করবেন। সবাইকে ভোটের আওতায় আনার লক্ষ্যেই আমরা কাজ করছি।” তিনি আশা প্রকাশ করেন, বাকি সময়ে নিবন্ধনের হার উল্লেখযোগ্যভাবে বাড়বে।
এই হাইব্রিড ভোটিং ব্যবস্থাকে বিশ্বে একটি উদাহরণ হিসেবে তুলে ধরার সম্ভাবনার কথাও উল্লেখ করেন সিইসি। পাশাপাশি তিনি জানান, পুরো প্রক্রিয়াটি সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করেই পরিচালিত হচ্ছে এবং আগামী ২৫ ডিসেম্বর পর্যন্ত নিবন্ধনের সংখ্যা আরও বাড়বে বলে কমিশন প্রত্যাশা করছে।

