ডেস্ক রিপোর্ট: রাশিয়ার রাজধানী মস্কোয় একটি গাড়িতে বিস্ফোরণের ঘটনায় দেশটির সশস্ত্র বাহিনীর একজন শীর্ষ পর্যায়ের কর্মকর্তা নিহত হয়েছেন। ব্রিটিশ গণমাধ্যমের খবরে বলা হয়েছে, সোমবার (২২ ডিসেম্বর) সকালবেলা এ বিস্ফোরণের ঘটনা ঘটে।
রাশিয়ার তদন্ত সংস্থার তথ্যমতে, একটি গাড়ির নিচে আগে থেকেই বিস্ফোরক পুঁতে রাখা হয়েছিল। বিস্ফোরণের ফলে ঘটনাস্থলেই প্রাণ হারান লেফটেন্যান্ট জেনারেল ফানিল সারভারভ। নিহত এই সামরিক কর্মকর্তার বয়স ছিল ৫৬ বছর।
ফানিল সারভারভ রুশ সশস্ত্র বাহিনীর অপারেশনাল ট্রেনিং শাখার দায়িত্বে ছিলেন। তদন্তকারীরা জানিয়েছেন, প্রাথমিক অনুসন্ধানে হামলার পেছনে ইউক্রেনের গোয়েন্দা সংস্থার সম্পৃক্ততার সম্ভাবনা উড়িয়ে দেওয়া যাচ্ছে না। যদিও এ বিষয়ে এখনো কিয়েভের পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।
বিশ্লেষকদের মতে, ২০২২ সালের ফেব্রুয়ারিতে ইউক্রেনে পূর্ণমাত্রার সামরিক অভিযান শুরুর পর থেকেই মস্কোতে রুশ সামরিক ও নিরাপত্তা কর্মকর্তাদের লক্ষ্য করে একাধিক হামলার ঘটনা ঘটছে।
এর আগে চলতি বছরের এপ্রিলে গাড়িবোমা বিস্ফোরণে নিহত হন আরেক রুশ জেনারেল ইয়ারোস্লাভ মোসকালিক। এছাড়া ২০২৪ সালের ডিসেম্বরে স্কুটারে রাখা বিস্ফোরকের আঘাতে প্রাণ হারান জেনারেল ইগর কিরিলভ।
ওই ঘটনার পর ইউক্রেনের একটি সূত্র বিবিসিকে জানিয়েছিল, কিরিলভ হত্যাকাণ্ডে দেশটির নিরাপত্তা সংস্থার সম্পৃক্ততা ছিল। তবে ইউক্রেন সরকার আনুষ্ঠানিকভাবে কখনোই এ ধরনের লক্ষ্যভিত্তিক হামলার দায় স্বীকার করেনি।

