ডেস্ক রিপোর্ট: শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের মূল অভিযুক্ত ফয়সাল বর্তমানে দেশে রয়েছে নাকি বিদেশে পালিয়েছে—এ বিষয়ে নিশ্চিত কোনো তথ্য নেই বলে জানিয়েছেন স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল (অব.) জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেন, অভিযুক্তের অবস্থান জানা গেলে আইনশৃঙ্খলা বাহিনী ইতোমধ্যেই তাকে আটক করত।
সোমবার (২২ ডিসেম্বর) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে স্বরাষ্ট্র উপদেষ্টা জানান, হাদি হত্যার তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে। মূল পরিকল্পনাকারী ফয়সালকে ধরতে আইনশৃঙ্খলা বাহিনী সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
তিনি আরও জানান, এই ঘটনায় ফয়সালের বাবা-মা, স্ত্রী, শ্যালক এবং ঘটনার সময় ব্যবহৃত মোটরসাইকেলের চালককে গ্রেফতার করা হয়েছে। পাশাপাশি সীমান্ত এলাকা থেকে ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট একটি দালাল চক্রকেও আটক করা হয়েছে।
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, ‘ডেভিল হান্ট ফেজ টু’ অভিযানের আওতায় এখন পর্যন্ত ৬ হাজার ৯৯৮ জনকে গ্রেফতার করা হয়েছে। এই অভিযানের মাধ্যমে সন্ত্রাসী ও দুষ্কৃতকারীদের বিরুদ্ধে আরও কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।
সংবাদমাধ্যমকর্মীদের নিরাপত্তা প্রসঙ্গে তিনি জানান, প্রথম আলো ও ডেইলি স্টার-এর সম্পাদকদের জন্য গানম্যান নিয়োজিত করা হয়েছে এবং তাদের বাসভবনের নিরাপত্তাও জোরদার করা হয়েছে। এছাড়া যাদের নিরাপত্তা ঝুঁকি রয়েছে, তাদের মধ্যে প্রায় ২০ জনকে ব্যক্তিগত নিরাপত্তা প্রদান করা হয়েছে।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরলে তাকেও প্রয়োজনীয় নিরাপত্তা দেওয়া হবে বলে জানান তিনি।
পদত্যাগের গুঞ্জন প্রসঙ্গে প্রশ্ন করা হলে স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, “আমি যদি পদত্যাগ করতাম, তাহলে এখানে উপস্থিত থাকতাম না।”

