ক্রীড়া ডেস্ক: এবারের বিপিএল খেলা উদ্বোধনী অনুষ্ঠান ছাড়াই মাঠে শুরু হওয়ার কথা থাকলেও দর্শক ও সমর্থকদের সুবিধার কথা ভেবেই বিসিবি ছোট পরিসরে উদ্বোধনী অনুষ্ঠান আয়োজনের সিদ্ধান্ত নিয়েছে। এজন্য উদ্বোধনী দিনের দুটি ম্যাচের সময়সূচিতে পরিবর্তন আনা হয়েছে।
বিসিবির ইভেন্ট টেকনিক্যাল কমিটি শনিবার এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, ২৬ ডিসেম্বর উদ্বোধনী দিনের প্রথম ম্যাচ দুপুর ২টার পরিবর্তে বিকেল ৩টায় শুরু হবে। এই ম্যাচের প্রথম সেশন চলবে বিকেল ৪টা ৩০ মিনিট পর্যন্ত। ২০ মিনিটের বিরতির পর দ্বিতীয় সেশন শুরু হবে ৪টা ৫০ মিনিটে এবং শেষ হবে সন্ধ্যা ৬টা ২০ মিনিটে।
দিনের দ্বিতীয় ম্যাচও পিছিয়ে দেওয়া হয়েছে। ফ্লাডলাইটের আলোয় দ্বিতীয় ম্যাচ রাত ৭টা ৪৫ মিনিটে শুরু হবে। প্রথম সেশন চলবে রাত ৯টা ১৫ মিনিট পর্যন্ত। বিরতির ২০ মিনিটের পর রাত ৯টা ৩৫ মিনিটে দ্বিতীয় সেশন শুরু হবে, যা রাত ১১টা ৫ মিনিটে শেষ হবে।
এই সময়সূচির পরিবর্তন মূলত উদ্বোধনী অনুষ্ঠানের জন্য আনা হয়েছে এবং এটি শুধুমাত্র উদ্বোধনী দিনের জন্য প্রযোজ্য।

