ডেস্ক রিপোর্ট: নারায়ণগঞ্জের ফতুল্লা এলাকায় ধলেশ্বরী নদীতে ফেরি দুর্ঘটনায় তিনজনের প্রাণহানি হয়েছে। শনিবার (২১ ডিসেম্বর) গভীর রাতে এই দুর্ঘটনার পর উদ্ধার অভিযান চালিয়ে নদী থেকে দুজনের মরদেহ উদ্ধার করা হয়। অপর একজন আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর মারা যান।
নিহতদের মধ্যে রয়েছেন ভ্যানচালক স্বাধীন, প্রবাসী মাসুদ এবং রফিকুল ইসলাম।
আইনশৃঙ্খলা বাহিনী জানায়, শনিবার রাত আনুমানিক ৯টার দিকে ফতুল্লার পূর্ব তীর থেকে যানবাহন বোঝাই একটি ফেরি ধলেশ্বরী নদী পার হয়ে বক্তাবলি ঘাটের দিকে যাচ্ছিল। ফেরিটি নদীর মাঝামাঝি পৌঁছালে একটি মিনি ট্রাক হঠাৎ চালু করা হয়। এ সময় ট্রাকের ধাক্কায় ফেরিতে থাকা দুটি অটোরিকশা, একটি ভ্যান ও একটি মোটরসাইকেল যাত্রীসহ নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায়।
ঘটনার পর অনেক যাত্রী সাঁতরে তীরে পৌঁছাতে সক্ষম হলেও তিনজন নিখোঁজ হন। পরে উদ্ধারকারী দল অভিযান চালিয়ে দুইজনের মরদেহ উদ্ধার করে। আহত অবস্থায় উদ্ধার করা আরেকজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
পুলিশ জানায়, নিহতদের পরিবারের আবেদনের পরিপ্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়াই মরদেহ হস্তান্তর করা হয়েছে।

