ডেস্ক রিপোর্ট: রাজধানীর মিরপুরে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কয়েকজন নেতাকর্মীর ওপর সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। শনিবার (২১ ডিসেম্বর) সন্ধ্যায় মিরপুর-২ এলাকার পানির ট্যাংকি সংলগ্ন স্থানে এই হামলায় অন্তত ৬ জন আহত হন।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার দিকে পুলিশকে সঙ্গে নিয়ে স্থানীয় আওয়ামী মুক্তিযুদ্ধ প্রজন্মলীগ নেত্রী হোসনেয়ারা সাদিকের বাসার সামনে যান এনসিপির কয়েকজন নেতাকর্মী। ওই সময় পুলিশের উপস্থিতিতেই হঠাৎ তাদের ওপর হামলা চালানো হয়। ধারালো অস্ত্রের আঘাতে কয়েকজন গুরুতর আহত হন।
পরে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আহতদের উদ্ধার করে সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করেন।
আহত নেতাকর্মীদের দাবি, স্থানীয় বিএনপি নেতা হারুন ও কামালের নেতৃত্বে এই হামলা সংঘটিত হয়েছে। এ ঘটনায় সাবেক আওয়ামী লীগ কর্মীদের সম্পৃক্ততাও রয়েছে বলে অভিযোগ করা হয়েছে।
তবে হামলার ঘটনার পর এখন পর্যন্ত থানায় কোনো মামলা বা লিখিত অভিযোগ দায়ের করা হয়নি।

