ডেস্ক রিপোর্ট: শহীদ ওসমান হাদির জানাজায় অংশ নিতে রাজধানীর বিভিন্ন প্রান্ত থেকে মানুষের ঢল নেমেছে মেট্রোরেলে। জানাজার সময় যত ঘনিয়ে আসছে, ততই ভিড় বাড়ছে স্টেশন ও ট্রেনগুলোতে।
প্রত্যক্ষদর্শীরা জানান, জানাজার উদ্দেশে যাত্রারত যাত্রীদের কণ্ঠে কণ্ঠ মিলিয়ে ‘নারায়ে তাকবির, আল্লাহু আকবার’ স্লোগানে মুখরিত হয়ে উঠেছে মেট্রোরেল। ট্রেনের ভেতর ও স্টেশন চত্বরে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।

অনেকে হাতে জাতীয় পতাকা ও প্ল্যাকার্ড নিয়ে শহীদ হাদীর প্রতি শ্রদ্ধা জানান। সাধারণ মানুষ ছাড়াও বিভিন্ন সামাজিক ও রাজনৈতিক সংগঠনের কর্মীদের জানাজায় অংশ নিতে মেট্রোরেলে যাত্রা করতে দেখা গেছে।
যাত্রীদের চাপ সামাল দিতে মেট্রোরেল কর্তৃপক্ষ বাড়তি সতর্কতা ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে। স্টেশনগুলোতে অতিরিক্ত আইনশৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।
উল্লেখ্য, জুলাই অভ্যুত্থানের শহীদ যোদ্ধা ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির নামাজে জানাজা আজ জাতীয় সংসদ ভবন প্রাঙ্গণে অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে।

