ডেস্ক রিপোর্ট: জুলাই অভ্যুত্থানের শহীদ যোদ্ধা শরিফ ওসমান হাদীর নামাজে জানাজা আজ শুক্রবার দুপুর ২টায় রাজধানীর জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় অনুষ্ঠিত হবে।
প্রধান উপদেষ্টার প্রেস উইং জানায়, জানাজা উপলক্ষে সংসদ ভবন এলাকায় বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে। অংশগ্রহণকারীদের সঙ্গে ব্যাগ বা ভারী সামগ্রী না আনতে অনুরোধ জানানো হয়েছে। একই সঙ্গে জানাজার সময় সংসদ ভবনের আশপাশে ড্রোন উড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।
শুক্রবার সন্ধ্যায় সিঙ্গাপুর থেকে শহীদ হাদীর মরদেহ দেশে পৌঁছায়। বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একটি ফ্লাইটে করে মরদেহটি হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আনা হয়।
উল্লেখ্য, ইনকিলাব মঞ্চের মুখপাত্র ও ঢাকা-৮ আসনের স্বতন্ত্র প্রার্থী হওয়ার আগ্রহী শরিফ ওসমান হাদী গত ১২ ডিসেম্বর রাজধানীর পল্টন এলাকায় ব্যাটারিচালিত অটোরিকশায় চলাচলের সময় গুলিবিদ্ধ হন। গুরুতর আহত অবস্থায় প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন তিনি।
পরবর্তীতে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর তাঁকে এয়ার অ্যাম্বুলেন্সে সিঙ্গাপুরে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার রাতে তাঁর মৃত্যু হয়।

