ডেস্ক রিপোর্ট: চিকিৎসাধীন অবস্থায় সিঙ্গাপুরে মৃত্যুবরণ করা শরিফ ওসমান হাদির মরদেহ দেশে ফিরেছে। আজ শুক্রবার বিকেল ৫টা ৪৮ মিনিটে সিঙ্গাপুর থেকে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ফ্লাইট বিজি–৫৮৫ হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। প্রধান উপদেষ্টার প্রেস উইং এ তথ্য নিশ্চিত করেছে।
বিমানবন্দরে কফিন নামানোর পর অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ওসমান হাদির মরদেহে ফুল দিয়ে শেষ শ্রদ্ধা জানান। এ সময় স্থানীয় সরকার উপদেষ্টা আদিলুর রহমান খান, বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ, জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, দৈনিক আমার দেশের সম্পাদক মাহমুদুর রহমান, জাতীয় নাগরিক পার্টির সদস্যসচিব আখতার হোসেন, মুখ্য সংগঠক (দক্ষিণাঞ্চল) হাসনাত আবদুল্লাহ এবং ডাকসুর ভিপি সাদিক কায়েম উপস্থিত ছিলেন।
প্রেস উইং জানায়, আগামীকাল শনিবার দুপুর ২টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় ওসমান হাদির জানাজা অনুষ্ঠিত হবে।
জানাজায় অংশ নিতে আগ্রহীদের নিরাপত্তার স্বার্থে কোনো ব্যাগ বা ভারী সামগ্রী সঙ্গে না আনার অনুরোধ জানানো হয়েছে। পাশাপাশি জানাজার সময় সংসদ ভবন ও আশপাশের এলাকায় ড্রোন ওড়ানো সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে বলেও জানিয়েছে প্রেস উইং।
উল্লেখ্য, গত ১২ ডিসেম্বর রাজধানীর পুরানা পল্টনের বক্স কালভার্ট সড়কে ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরিফ ওসমান হাদিকে মাথায় গুলি করে দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় প্রথমে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল এবং পরে এভারকেয়ার হাসপাতালে তাঁকে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ১৫ ডিসেম্বর এয়ার অ্যাম্বুলেন্সে তাঁকে সিঙ্গাপুরে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় বৃহস্পতিবার তিনি মারা যান।

