ডেস্ক রিপোর্ট: পরিবারের ভরণপোষণের জন্য টাকার অভাবে এক পুরুষের চরম অসহায়ত্বের ঘটনা সামনে এসেছে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার যমুনা ফিউচার পার্ক এলাকায়। প্রত্যক্ষদর্শীদের ভাষ্য অনুযায়ী, ওই ব্যক্তি সম্ভবত আত্মহত্যার চেষ্টা করেছিলেন। তবে শেষ পর্যন্ত স্থানীয়দের তৎপরতায় তিনি সে চেষ্টা করতে পারেননি।

ঘটনাস্থলে উপস্থিত লোকজন জানান, ওই ব্যক্তি কান্নাজড়িত কণ্ঠে বারবার ক্ষমা চাইছিলেন এবং বলছিলেন, তিনি আর বাঁচতেচান না। একপর্যায়ে সবাই মিলে তাকে ধরে ফেলেন এবং নিরাপদ স্থানে নিয়ে যান।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই ব্যক্তি প্রায় দুই মাস ধরে বেতন পাননি। কাজ করেও প্রাপ্য টাকা না পাওয়ায় তিনি মানসিকভাবে ভেঙে পড়েন। পরিবারের খাবার ও নিত্যপ্রয়োজনীয় চাহিদা মেটাতে না পেরে তিনি চরম হতাশায় ভুগছিলেন বলে জানা যায়।
প্রত্যক্ষদর্শীরা বলেন, মানুষ কাজ করে মূলত খাবার ও পরিবারের জন্য। কিন্তু সেই টাকাই যখন পাওয়া যায় না, তখন অনেকেরই হিতাহিত জ্ঞান কাজ করে না। বর্তমান বাস্তবতায় দেশের নানা জায়গায় মানুষ চাকরি হারাচ্ছে, অনেকেই নিয়মিত বেতন পাচ্ছেন না—এমন পরিস্থিতিতে সাধারণ মানুষের জীবনযাত্রার মান আরও নিচে নেমে যাচ্ছে।
ঘটনার পর ওই ব্যক্তিকে নিরাপদে সরিয়ে নেওয়া হয়। এ ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক আলোচনা ও উদ্বেগের সৃষ্টি হয়েছে।

