১৪ ডিসেম্বর—শহীদ বুদ্ধিজীবী দিবস। বাঙালি জাতির ইতিহাসে এক বেদনার্ত ও কলঙ্কময় দিন। মহান মুক্তিযুদ্ধের চূড়ান্ত বিজয়ের প্রাক্কালে পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের এদেশীয় দোসররা জাতিকে মেধাশূন্য করার নীলনকশার অংশ হিসেবে নির্মমভাবে হত্যা করেছিল দেশের শ্রেষ্ঠ সন্তানদের—শিক্ষক, চিকিৎসক, সাংবাদিক, সাহিত্যিক, গবেষক ও সংস্কৃতিসেবীদের।
এই বর্বর হত্যাকাণ্ড ছিল সদ্য জন্ম নিতে যাওয়া স্বাধীন বাংলাদেশের অগ্রযাত্রা রুদ্ধ করার একটি ঘৃণ্য প্রচেষ্টা। বুদ্ধিজীবীরা ছিলেন জাতির বিবেক, আলোর দিশারি। তাঁদের কণ্ঠস্বর স্তব্ধ করে দিয়ে শত্রুরা ভেবেছিল বাংলাদেশ পথ হারাবে। কিন্তু তারা ভুল প্রমাণিত হয়েছে। শহীদ বুদ্ধিজীবীদের রক্তের ওপর দাঁড়িয়েই বাংলাদেশ এগিয়ে চলেছে অদম্য প্রত্যয়ে।
আজ এই দিনে আমরা গভীর শ্রদ্ধার সঙ্গে স্মরণ করছি শহীদ বুদ্ধিজীবীদের আত্মত্যাগ। তাঁদের স্বপ্ন, আদর্শ ও দেশপ্রেম আমাদের প্রেরণার উৎস। একই সঙ্গে আমরা শোকাহত তাঁদের পরিবারের প্রতি জানাই গভীর সমবেদনা।
দৈনিক সময়পত্র বিশ্বাস করে—শহীদ বুদ্ধিজীবীদের প্রকৃত সম্মান জানাতে হলে তাঁদের দেখানো পথেই আমাদের এগোতে হবে। সত্য, ন্যায়, মুক্তচিন্তা ও মানবিক মূল্যবোধে অবিচল থেকে একটি বৈষম্যহীন, গণতান্ত্রিক ও প্রগতিশীল বাংলাদেশ গড়াই হবে তাঁদের আত্মত্যাগের প্রতি সর্বোচ্চ শ্রদ্ধা।
শহীদ বুদ্ধিজীবীরা অমর। তাঁদের স্মৃতি আমাদের চেতনায় চিরজাগরুক থাকবে।
- এস এম সাবিহা জামান
সম্পাদক ও প্রকাশক
দৈনিক সময়পত্র

