নিজস্ব প্রতিনিধি :
‘সাফল্যের উচ্ছ্বাসে স্কুল আমাদের শতবর্ষে’—এই স্লোগানকে সামনে রেখে মানিকগঞ্জের হরিরামপুর উপজেলার ঐতিহ্যবাহী শিক্ষাপ্রতিষ্ঠান ইব্রাহিমপুর ইশ্বর চন্দ্র উচ্চ বিদ্যালয়ের শতবর্ষপূর্তি উৎসব উদযাপিত হয়েছে।
শনিবার (১৩ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টায় বিদ্যালয়ের বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের অংশগ্র
হণে এক বর্ণাঢ্য শোভাযাত্রার মধ্য দিয়ে উৎসবের সূচনা হয়। শোভাযাত্রা শেষে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে জাতীয় পতাকা উত্তোলন করা হয়। পরে বেলুন ও পায়রা উড়িয়ে শতবর্ষ উদযাপনের আনুষ্ঠানিক উদ্বোধন ঘোষণা করা হয়।

সকাল ১১টায় বিদ্যালয় প্রাঙ্গণে শুরু হয় আলোচনা সভা। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিএনপি চেয়ারপার্সনের উপদেষ্টা ও মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক আফরোজা খান রিতা।
প্রধান অতিথির বক্তব্যে আফরোজা খান রিতা বলেন, এই বিদ্যালয়ে এসে আমার শৈশব ও পারিবারিক স্মৃতি ফিরে এসেছে। আমার বাবা এই বিদ্যালয়ের একজন শিক্ষার্থী ছিলেন। তাঁর আদর্শ ও শিক্ষাই আমার আজকের অবস্থানের ভিত্তি। শিক্ষার পাশাপাশি দেশপ্রেম ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হয়ে শিক্ষার্থীদের গড়ে উঠতে হবে।
অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশেষ অতিথি অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ। এছাড়া বক্তব্য দেন প্রধান পৃষ্ঠপোষক নাইয়ারা নুর নিপা, নীতিনির্ধারণী ও উপদেষ্টা পরিষদের সদস্য ড. নুরুল হক চৌধুরী মনি, ড. দেওয়ান আব্দুল কাদির, অ্যাডভোকেট ইবাদুল ইসলাম, আবুল ফজল দোস্ত মোহাম্মদ খান, ডা. এইচ আই লুৎফর রহমান খান, ইঞ্জিনিয়ার মো. শামসুর রহমান, অ্যাডভোকেট রমিজ উদ্দিন আহম্মদ, ইঞ্জিনিয়ার দেওয়ান মোহাম্মদ হানজালা এবং বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক আলতাফ হোসেন খান।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী ১৯৯৮ ব্যাচের সাবেক শিক্ষার্থী মো. সামছুদ্দিন বলেন, প্রায় ২৭ বছর আগে এই বিদ্যালয় থেকে পড়াশোনা শেষ করেছি। বর্তমানে ঢাকার একটি বিদ্যালয়ে শিক্ষকতা করছি। শতবর্ষের এই আয়োজনে আবার প্রিয় স্কুলে ফিরে এসে বন্ধুদের সঙ্গে মিলিত হতে পেরে ভীষণ ভালো লাগছে।
আরেক সাবেক শিক্ষার্থী বলেন, কর্মব্যস্ত জীবনে পুরোনো বন্ধুদের সঙ্গে একসঙ্গে বসার সুযোগ খুব কম হয়। আজকের আয়োজন যেন আমাদের সবাইকে আবার সেই স্কুলজীবনের স্মৃতিতে ফিরিয়ে নিয়েছে।
এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন শতবর্ষ উদযাপন পরিষদের আহ্বায়ক ও ডেবোনেয়ার গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. আইয়ুব খান, সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী লুৎফর রহমান, সদস্য সচিব মোয়াজ্জেম হোসেন তুষার এবং সিনিয়র সদস্য সচিব ফারুক ওয়াদুদ খানসহ বিদ্যালয়ের অসংখ্য সাবেক ও বর্তমান শিক্ষার্থী।
শতবর্ষপূর্তি উপলক্ষে বিদ্যালয় প্রাঙ্গণ উৎসবের সাজে সজ্জিত হয়ে ওঠে। নবীন ও প্রবীণ শিক্ষার্থীদের মিলনমেলায় স্মৃতিচারণা, আনন্দ ও আবেগে মুখর ছিল পুরো আয়োজন।

