নিজস্ব প্রতিনিধি :
মুহূর্তের ভয়াবহ সড়ক দুর্ঘটনায় থেমে গেল এক শিশুর হাসি, স্বপ্ন আর সম্ভাবনার জীবন। মানিকগঞ্জের সিংগাইরে ট্রাকের চাকায় পিষ্ট হয়ে জাহিদ ইবনে জামান (৯) নামে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। একটি শিশুর এমন করুণ মৃত্যু আবারও প্রশ্ন তুলেছে সড়কে বেপরোয়া যান চলাচল ও চালকদের দায়িত্বহীনতার বিরুদ্ধে।
শনিবার (১৩ ডিসেম্বর) সকাল সাড়ে ১০টার দিকে হেমায়েতপুর–সিংগাইর–মানিকগঞ্জ আঞ্চলিক মহাসড়কের সিংগাইর বাসস্ট্যান্ড নিউ ফিলিং স্টেশনের পূর্ব পাশে খান মার্কেটের সামনে এ হৃদয়বিদারক দুর্ঘটনা ঘটে।
নিহত জাহিদ ইবনে জামান মানিকগঞ্জ সদর উপজেলার জুকুরিয়া গ্রামের জামান মিয়ার ছেলে।

প্রত্যক্ষদর্শীরা জানান, মানিকগঞ্জগামী একটি যাত্রীবাহী সিএনজি অটোরিকশা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছালে পেছন দিক থেকে একটি মাইক্রোবাস সজোরে ধাক্কা দেয়। এতে সিএনজিতে থাকা জাহিদ ছিটকে সড়কের ওপর পড়ে যায়। ঠিক সেই মুহূর্তে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের চাকা তার মাথার ওপর দিয়ে উঠে যায়। ঘটনাস্থলেই শিশুটির মৃত্যু হয়। মুহূর্তের মধ্যে সেখানে কান্না আর আহাজারিতে ভারী হয়ে ওঠে পরিবেশ। এলাকায় নেমে আসে শোকের ছায়া।
খবর পেয়ে সিংগাইর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেয়।
এ বিষয়ে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাজহারুল ইসলাম বলেন, দুর্ঘটনার পর ট্রাক ও সিএনজি আটক করা হয়েছে । মামলার প্রস্তুতি চলছে

