নিজস্ব প্রতিনিধি, মানিকগঞ্জ :
মানিকগঞ্জের সিংগাইর পৌরসভার গোবিন্ধল বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনায় হার্ডওয়্যার, সেলুন ও লন্ড্রিসহ তিনটি দোকান সম্পূর্ণভাবে পুড়ে গেছে। এতে প্রায় ২৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা।
শুক্রবার (১২ ডিসেম্বর) দিবাগত রাত আনুমানিক দেড়টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী আব্দুল কাদের সিংগাইর পৌরসভার ৭ নম্বর ওয়ার্ডের গোবিন্ধল গ্রামের বাসিন্দা।
তিনি জানান, প্রতিদিনের মতো দোকান বন্ধ করে বাড়ি ফেরার পর রাত দেড়টার দিকে বাজারের পাহারাদার ফোন করে আগুন লাগার বিষয়টি জানান। খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নেভানোর চেষ্টা করা হয়। তবে ততক্ষণে আগুনের তীব্রতায় তিনটি দোকান সম্পূর্ণভাবে ভস্মীভূত হয়ে যায়।
খবর পেয়ে উপজেলা ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের একটি ইউনিট দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে বাজারের অন্যান্য দোকান ও ব্যবসাপ্রতিষ্ঠান বড় ধরনের ক্ষতির হাত থেকে রক্ষা পায়।
উপজেলা ফায়ার সার্ভিসের ইনচার্জ মো. মহিবুবুর রহমান অগ্নিকাণ্ডের সত্যতা নিশ্চিত করে জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকেই আগুনের সূত্রপাত হয়েছে। দ্রুত সময়ের মধ্যে আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়েছে।
এ বিষয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা খায়রুন্নাহার বলেন, ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ শেষে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের সহায়তায় উপজেলা প্রশাসন প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে

