ডেস্ক রিপোর্ট: রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চিকিৎসাধীন ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদির শারীরিক অবস্থার এখন পর্যন্ত কোনো উল্লেখযোগ্য পরিবর্তন হয়নি বলে জানিয়েছেন চিকিৎসকরা।
শনিবার সকালে অনুষ্ঠিত হাসপাতালের মাল্টিডিসিপ্লিনারি মেডিকেল বোর্ডের বৈঠকে এ সিদ্ধান্ত জানানো হয় যে, আপাতত নতুন কোনো অস্ত্রোপচার বা চিকিৎসা পদ্ধতি গ্রহণ করা হবে না। পর্যবেক্ষণের ভিত্তিতেই চিকিৎসা চালিয়ে নেওয়া হবে।
হাসপাতাল সূত্র জানায়, সকাল ১১টা থেকে সাড়ে ১১টার মধ্যে অনুষ্ঠিত বোর্ড সভায় বিভিন্ন বিভাগের বিশেষজ্ঞ চিকিৎসকরা অংশ নেন। বৈঠকে রোগীর সামগ্রিক শারীরিক অবস্থা, স্নায়বিক আঘাত এবং চলমান চিকিৎসা পদ্ধতি বিস্তারিতভাবে পর্যালোচনা করা হয়।
বৈঠক শেষে চিকিৎসকরা জানান, বর্তমানে হাদির অবস্থা ‘স্ট্যাটিক’, অর্থাৎ উল্লেখযোগ্য কোনো উন্নতি বা অবনতি হয়নি।
চিকিৎসকদের ভাষ্য অনুযায়ী, তাঁর মস্তিষ্কে আঘাত গুরুতর হওয়ায় পরিস্থিতি এখনো অত্যন্ত সংবেদনশীল এবং যেকোনো সময় পরিবর্তিত হতে পারে।
বর্তমানে শরিফ ওসমান হাদিকে কৃত্রিম শ্বাস-প্রশ্বাসের সহায়তায় রাখা হয়েছে এবং সব ধরনের গুরুত্বপূর্ণ শারীরিক সূচক নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। চিকিৎসকরা জানিয়েছেন, এই পর্যায়ে নতুন কোনো অস্ত্রোপচারের পরিকল্পনা নেই, তবে নিবিড় পর্যবেক্ষণ অব্যাহত থাকবে।

