নিজস্ব প্রতিনিধি :
চাঁদাবাজির একটি মামলায় আদালতে হাজির হয়ে জামিন চাইতে গিয়ে সরাসরি কারাগারে যেতে হলো আট আসামিকে। মামলার তদন্তে অভিযোগের সত্যতা প্রমাণিত হওয়ায় তাদের জামিন নামঞ্জুর করে জেলহাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন মানিকগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত–১ এর বিচারক মু. হাবিবুর রহমান। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর) দুপুরে এ আদেশ দেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করে মামলার বাদী পক্ষের আইনজীবী মো. জহিরুল ইসলাম জানান, হাজিরা দিতে আসা আট আসামি জামিন আবেদন করলে আদালত শুনানি শেষে তা নাকচ করেন।
আট আসামি হলেন—শহিদুল ওরফে শহিদুল্লাহ, মোহাম্মদ ফারুক, আমান উল্লাহ, আলামিন, নাজির, বাবুল হোসেন, মাসুদ রানা ও জাহিদ মেহেদী। তারা সিংগাইর উপজেলার জামির্ত্তা ইউনিয়নের সুদক্ষিরা ও বিন্নাডাঙ্গী গ্রামের বাসিন্দা। স্থানীয় সূত্র জানায়, তারা বিএনপি রাজনীতির সঙ্গে যুক্ত।
মামলার বাদী যুবদল নেতা মোহাম্মদ ফারুক হোসেন অভিযোগ করেন, ব্লাজন প্যাকেজিং ফ্যাক্টরির বাউন্ডারি দেয়াল নির্মাণের কাজ করতে গেলে আসামিরা তার কাছে ১০ লাখ টাকা চাঁদা দাবি করেন। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে প্রায় ৭০ হাজার টাকার মালামাল লুট করে নিয়ে যায় এবং কাজেও বাধা সৃষ্টি করে বলে জানান তিনি।
এ ঘটনায় তিনি গত ২৭ মার্চ আদালতে মামলা দায়ের করেন। তদন্ত কর্মকর্তা সিংগাইর থানার এসআই আব্দুল জব্বার ১৩ এপ্রিল তদন্ত প্রতিবেদন দাখিল করেন, যেখানে অভিযোগের সত্যতা পাওয়া যায়। সেই প্রতিবেদন ও শুনানির ভিত্তিতে বৃহস্পতিবার আদালত আসামিদের জামিন প্রত্যাখ্যান করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।
আসামিদের পক্ষের শুনানিতে ছিলেন সিনিয়র আইনজীবী জামিলুর রশিদ খান।

