ডেস্ক রিপোর্ট: রাজশাহীর তানোর উপজেলায় দুই বছরের শিশু সাজিদ গভীর গর্তে পড়ে যাওয়ার পর টানা উদ্ধার অভিযান চালিয়েও তার সন্ধান মেলেনি। বুধবার দুপুরে পড়ে যাওয়ার পর রাতভর ফায়ার সার্ভিস, পুলিশ ও সেনা সদস্যরা উদ্ধার চেষ্টা চালালেও বৃহস্পতিবার সকাল ৯টা পর্যন্ত শিশুটিকে খুঁজে পাওয়া যায়নি।
ফায়ার সার্ভিস জানায়, মূল গর্তের পাশ থেকে খনন করে অনুসন্ধান করা হচ্ছে। প্রায় ৩৫ ফুট পর্যন্ত অনুসন্ধান চালানো হলেও শিশুর অবস্থান শনাক্ত করা যায়নি। তানোর থানার ওসি শাহীনুজ্জামান বলেন, “খনন ও উদ্ধার অভিযান চলছে।”
ঘটনার সূত্রপাত
তানোরের কোয়েল হাট পূর্বপাড়ায় কছির উদ্দিন নামের এক ব্যক্তি পানির স্তর মাপতে একটি গর্ত খনন করেছিলেন। পরে ভরাট করা হলেও বর্ষায় মাটি ধসে গর্তটি আবার খুলে যায়। বুধবার বেলা ১টার দিকে ওই গর্তে পড়ে যায় স্থানীয় রাকিবের দুই বছরের ছেলে সাজিদ।
উদ্ধার অভিযান
বুধবার বিকেল সাড়ে ৫টা থেকে তিনটি ফায়ার সার্ভিস ইউনিট, পুলিশ ও সেনাবাহিনী উদ্ধার কাজে অংশ নেয়। প্রথমে ছোট এক্সকাভেটর, পরে বড় এক্সকাভেটর এনে রাতভর খনন করা হয়।
ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক দিদারুল আলম জানান, গর্তে পূর্বের মাটি পড়ে থাকায় কাজ কিছুটা জটিল হয়েছিল। পাইপের মাধ্যমে অক্সিজেন সরবরাহ করেও শিশুটির কোনো সাড়া মেলেনি।
উদ্ধারকাজ এখনও চলছে।

