নিজস্ব প্রতিনিধি: মানিকগঞ্জের সিংগাইর থানা পুলিশের অভিযান চালিয়ে ৫ হাজার পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় মো. মাসুদ (৪৯) নামে একজন পেশাদার মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ঢাকার নবাবগঞ্জ উপজেলার সাদাপুর এলাকার মৃত ফালু বেপারীর ছেলে।
বুধবার (১০ ডিসেম্বর) দিবাগত রাত সাড়ে ৯টার দিকে জামশা ইউনিয়নের দক্ষিণ জামশা এলাকার লেবু (৫০) মালিকানাধীন তিনতলা ভবনে অভিযান চালিয়ে এ উদ্ধার ও গ্রেপ্তার অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ সূত্রে জানা যায়, সুনির্দিষ্ট গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সিংগাইর থানার অফিসার ইনচার্জ মো. মাজহারুল ইসলামের নির্দেশনায় এসআই (নিঃ) পার্থ শেখর ঘোষের নেতৃত্বে একটি টিম উক্ত ভবনের তৃতীয় তলার পশ্চিমাংশে ভাড়া থাকা মাসুদের ফ্ল্যাটে হানা দেয়। এ সময় তাকে আটক করে তল্লাশি চালালে তার দখল থেকে ৫ হাজারপিস ইয়াবা ট্যাবলেট পাওয়া যায়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য ১৫ লাখ টাকা।
এ প্রসঙ্গে সিংগাইর থানার ওসি মো. মাজহারুল ইসলাম বলেন,“মাদকবিরোধী অভিযানে সিংগাইর থানা পুলিশ সব সময় কঠোর অবস্থানে রয়েছে। এলাকায় মাদক নির্মূলে আমাদের তৎপরতা আরও জোরদার করা হবে।”
গ্রেপ্তারকৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন আছে।

