ডেস্ক রিপোর্ট: মেজর লিগ সকারে (এমএলএস) আবারও রেকর্ডের নতুন দিগন্ত খুললেন লিওনেল মেসি। লিগের তিন দশকের ইতিহাসে প্রথমবারের মতো টানা দ্বিতীয়বার ‘মোস্ট ভ্যালুয়েবল প্লেয়ার’ (এমভিপি) নির্বাচিত হয়ে তৈরি করলেন অনন্য নজির।
২০২৫ মৌসুমে ইন্টার মায়ামির হয়ে অপরাজেয় ফর্মে ছিলেন বিশ্বসেরা এ আর্জেন্টাইন তারকা। লিগে সর্বোচ্চ ২৯ গোল ও ১৯ অ্যাসিস্ট করে পরিসংখ্যানের তালিকায় আধিপত্য দেখান মেসি। টানা ৯ ম্যাচে অন্তত তিনটি করে গোল-অবদান রেখে গড়েন এমএলএস–এর এক নতুন রেকর্ড, যা আগে কখনও দেখা যায়নি।
এমএলএস কাপেও ছিল তার দাপট। ফাইনালে দুইটি অ্যাসিস্ট করে ইন্টার মায়ামিকে প্রথমবারের মতো শিরোপা জেতান মেসি। সে ম্যাচে তার অবদানকেই ম্যাচের ফল নির্ধারণকারী হিসেবে বিবেচনা করা হয়।
এমভিপি নির্বাচনে ছিল মেসির একচ্ছত্র প্রভাব। মোট ভোটের ৭০ শতাংশের বেশি পেয়েছেন তিনি। অন্যদিকে, নিকটতম প্রতিদ্বন্দ্বী সান ডিয়েগোর উইঙ্গার আন্দেরস ড্রাইয়ার পেয়েছেন মাত্র ১১ শতাংশ ভোট।
মৌসুমজুড়ে ধারাবাহিকতার আরেকটি প্রমাণ—এক মৌসুমে ১০টি ম্যাচে একাধিক গোল করার রেকর্ড এখন মেসির মালিকানায়। এর আগে আট ম্যাচ ছিল সর্বোচ্চ, যা শেয়ার করেছিলেন স্টার্ন জন, মামাদু দিয়ালো ও জ্লাটান ইব্রাহিমোভিচ।
এক মৌসুমে আধিপত্য, দলকে শিরোপা এনে দেওয়া, রেকর্ডের পর রেকর্ড—সব মিলিয়ে মেসি আবারও প্রমাণ করলেন, বয়স বাড়লেও ফুটবল–মহাতারকার জাদু কমেনি একটুও। টানা দ্বিতীয়বার এমভিপির খেতাব তার ক্যারিয়ারে যোগ করল আরেক ঐতিহাসিক অধ্যায়।

