নিজস্ব প্রতিনিধি: মুন্সিগঞ্জের শ্রীনগরে ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের সার্ভিস লেনে মাইক্রোবাস ও অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে এক অটোযাত্রী নিহত হয়েছেন। মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল সাড়ে ৯টার দিকে ওমপাড়া বটতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত আশুদা বেগম (৪৫) শ্রীনগরের ওমপাড়া এলাকার দেলোয়ার শিকদারের স্ত্রী। গুরুতর আহত হয়েছেন আরও তিনজন—আব্দুর মহিম (৩০), মহসিন (৪৫) এবং পরিচয় না পাওয়া আরেকজন।
দুর্ঘটনার খবর পেয়ে শ্রীনগর ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে দ্রুত উদ্ধারকাজ পরিচালনা করেন। পরে আহতদের শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠানো হয়। নিহতের মরদেহও বর্তমানে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।
শ্রীনগর ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার দেওয়ান আজাদ হোসেন বলেন, “খবর পাওয়ার পরপরই আমরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার তৎপরতা চালাই। আহতদের হাসপাতালে পাঠানো হয়েছে।”
এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছেন হাইওয়ে থানা পুলিশের সংশ্লিষ্ট কর্মকর্তারা।

