ডেস্ক রিপোর্ট:
ধর্ম অবমাননার অভিযোগে আটক বাউল শিল্পী আবুল সরকারের জামিন আবেদন নামঞ্জুর করেছেন মানিকগঞ্জ জেলা ও দায়রা জজ আদালত। সোমবার (৮ ডিসেম্বর) দুপুরে বিচারক এসকে এম তোফায়েল হাসান তাঁর জামিন আবেদন খারিজ করেন।
জামিন শুনানির সময় আদালত প্রাঙ্গণে উত্তেজনা ছড়িয়ে পড়ে। অর্ধশতাধিক আইনজীবী আবুল সরকারের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের দাবি জানিয়ে বিক্ষোভ করেন। তারা আদালত চত্বরে ‘ফাঁসি চাই’–স্লোগান দেন। এ সময় আদালতের বাইরে সাধারণ মানুষও জড়ো হন।
আইনজীবীরা বলেন, আবুল সরকারের বক্তব্য দেশের ধর্মপ্রাণ মুসলমানদের অনুভূতিতে আঘাত করেছে। তারা দাবি করেন, ভবিষ্যতে এ ধরনের মন্তব্য রোধে কঠোর শাস্তি প্রয়োজন।
মানিকগঞ্জ জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক ও আহ্বায়ক কমিটির সদস্য, আইনজীবী আ.ফ.ম নুরতাজ আলম বাহার জানান, ধর্মীয় বিষয়ে অজ্ঞতা থেকে বাউল শিল্পীরা যেন মন্তব্য না করেন, সে বিষয়টি আদালতে উপস্থাপন করা হয়েছে। আদালত নথি যাচাই করে জামিন না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
গত ১৯ নভেম্বর মাদারীপুরে একটি পালাগানের অনুষ্ঠানে আবুল সরকারকে ডিবি পুলিশ আটক করে। পরদিন তাঁকে মানিকগঞ্জ ডিবি কার্যালয়ে আনার পর ঘিওর থানায় দায়ের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আদালতে পাঠানো হয়। মামলার অভিযোগ অনুযায়ী, ৪ নভেম্বর ঘিওর উপজেলার জাবরা এলাকায় এক অনুষ্ঠানে তিনি ইসলাম ও আল্লাহর সৃষ্টিকে নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর এলাকায় উত্তেজনা তৈরি হয়।
অন্যদিকে, আবুল সরকারের সহকারী শিল্পী রাজু সরকার অভিযোগ অস্বীকার করে বলেন, বক্তব্যের পূর্ণ অংশ প্রচার না করে একটি গোষ্ঠী ভিডিওর নির্বাচিত অংশ ছড়িয়ে বিভ্রান্তি তৈরি করছে। তিনি দাবি করেন, আবুল সরকার আল্লাহকে নিয়ে কটূক্তি করেননি; পালাগানের প্রসঙ্গে প্রশ্নোত্তরের অংশ বিকৃতভাবে প্রচার করা হয়েছে।
মামলার পরবর্তী কার্যক্রমের দিকে স্থানীয়দের নজর রয়েছে।

