নিজস্ব প্রতিবেদক:
এয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের তফসিল ঘোষণার প্রক্রিয়া চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছে। আসছে বুধবার তফসিল ঘোষণার সম্ভাবনা জোরালো হওয়ায় প্রধান নির্বাচন কমিশনারের (সিইসি) বক্তব্য রেকর্ড করতে বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারকে চিঠি পাঠিয়েছে নির্বাচন কমিশন (ইসি)।
সোমবার বিষয়টি নিশ্চিত করেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাছউদ। তিনি জানান, তফসিল উপলক্ষে সিইসির জাতির উদ্দেশে ভাষণ রেকর্ডের জন্য রাষ্ট্রীয় গণমাধ্যম দুটিকে আনুষ্ঠানিকভাবে নির্দেশ দেওয়া হয়েছে। তবে এই বক্তব্য বুধবারই প্রচার করা হবে কিনা সে বিষয়ে তিনি মন্তব্য করতে রাজি হননি।
বাংলাদেশে প্রতিটি জাতীয় সংসদ নির্বাচনের আগে সিইসির ভাষণের মাধ্যমে তফসিল ঘোষণা করার প্রচলন রয়েছে। সাধারণত রেকর্ডের দিনই তফসিল প্রকাশ করা হয়। সর্বশেষ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনের সময়ও একই প্রক্রিয়ায় বিটিভি ও বেতারকে ডেকে বক্তব্য ধারণ করা হয়েছিল এবং তফসিল প্রকাশ সরাসরি সম্প্রচার করা হয়।
নির্বাচন কমিশনের একাধিক সূত্র জানিয়েছে, আগামী বুধবারই তফসিল ঘোষণার বিষয়ে নীতিগত সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এর আগে ইসি জানায়, ১১ ডিসেম্বরের মধ্যেই আগামী জাতীয় নির্বাচনের তফসিল ঘোষণা করা হবে।

