ডেস্ক রিপোর্ট:
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের সময়সূচি চূড়ান্ত করতে আজই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিতে পারে নির্বাচন কমিশন (ইসি)। বেলা ১১টায় রাজধানীর আগারগাঁওয়ে কমিশনের কার্যালয়ে এ বিষয়ে সভা আহ্বান করা হয়েছে। বৈঠকে নির্বাচন ও গণভোট আয়োজনের সার্বিক প্রস্তুতি মূল্যায়ন করা হবে।
ইসি সূত্র জানায়, তফসিল ঘোষণার আগেই বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। এর মধ্যে রয়েছে—
-
ভোটার তালিকা হালনাগাদ ও চূড়ান্তকরণ
-
সংসদীয় আসনের সীমানা পুনর্নির্ধারণ
-
নির্বাচনী আইন ও বিধিমালা সংস্কার
-
নতুন রাজনৈতিক দলকে নিবন্ধন প্রদান
এ ছাড়া ভোটকেন্দ্রে গোপন কক্ষ বাড়ানো এবং ভোটগ্রহণের সময় এক ঘণ্টা বাড়ানোর প্রস্তাবও আলোচনায় রয়েছে। আসন্ন নির্বাচনে ৪২,৭৬১টি ভোটকেন্দ্র এবং প্রায় আড়াই লাখ ভোটকক্ষ ব্যবহারের পরিকল্পনা করেছে কমিশন।
একইসঙ্গে জাতীয় নির্বাচন ও গণভোট অনুষ্ঠান করায় প্রযুক্তি, লজিস্টিক ও ব্যবস্থাপনার ক্ষেত্রে অতিরিক্ত চাপ তৈরি হতে পারে—তবে ইসি বলছে, সকল প্রস্তুতি ইতোমধ্যে প্রায় সম্পন্ন, এবং কমিশন সমন্বিতভাবে এই চ্যালেঞ্জ মোকাবিলায় আত্মবিশ্বাসী।

