ক্রীড়া ডেস্ক:
ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব লিমিটেডের আয়োজনে শনিবার (৬ ডিসেম্বর) উত্তরা এসডিআই মাঠ রঙিন হয়ে ওঠে ফুটসালের উৎসবে। তৃতীয় আসরের এই প্রিমিয়ার ফুটসাল লিগকে ঘিরে সকাল থেকেই খেলোয়াড় ও দর্শকদের উচ্ছ্বাসে পুরো মাঠ প্রাণবন্ত হয়ে ওঠে।
মোট আট দল নিয়ে অনুষ্ঠিত টুর্নামেন্টে সারা দিনের লড়াই শেষে ফাইনালে মুখোমুখি হয় দুই শক্তিশালী দল। টানটান উত্তেজনার ম্যাচে দারুণ পারফরম্যান্স উপহার দিয়ে ট্রেইলব্ল্যাজার্স শিরোপা ঘরে তোলে। প্রতিযোগিতায় সেরা খেলোয়াড় ও ফাইনালের ম্যান অব দ্য ম্যাচের স্বীকৃতি পান ম্যানেজমেন্ট ২৫ ব্যাচের রাহাত রহমান, আর ভাইপার্স দল রানার্সআপ হয়ে টুর্নামেন্ট শেষ করে।

ক্রীড়া উৎসবে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্কাইলাইন গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও ম্যানেজমেন্ট এফবিএস ক্লাব লিমিটেডের লাইফ মেম্বার মুহাম্মদ ইকবাল। তিনি খেলোয়াড়দের প্রশংসা করে বলেন, এমন আয়োজন তরুণদের মাঝে ইতিবাচক প্রতিযোগিতা ও দলগত চেতনা আরও বৃদ্ধি করবে।
এ ছাড়া ক্লাবের ভাইস প্রেসিডেন্ট হুমায়ুন কবির শিপন এবং সাধারণ সম্পাদক নাজমুল ইসলাম আয়োজনে অংশ নিয়ে খেলোয়াড়দের উৎসাহিত করেন। ক্রীড়া সম্পাদক আসিফুর রহমান খান ও যুগ্ম ক্রীড়া সম্পাদক রেজাউল করিমের দক্ষ সমন্বয় ও আয়োজন পরিচালনার কারণে পুরো টুর্নামেন্ট নির্বিঘ্নে সম্পন্ন হয়।
সারা দিনের প্রতিটি ম্যাচ ছিল পরিকল্পনা, গতি ও দক্ষতার দুর্দান্ত প্রদর্শনী। খেলোয়াড়, দর্শক, ক্লাব সদস্য ও অতিথিদের সক্রিয় অংশগ্রহণে এবারের লিগ হয়ে ওঠে আনন্দমুখর।
ক্লাব কর্তৃপক্ষ জানান, ভবিষ্যতে আরও বড় আয়োজনে ক্রীড়া কার্যক্রম অব্যাহত থাকবে এবং সদস্যদের অংশগ্রহণ বাড়াতে নতুন উদ্যোগ নেওয়া হবে।

