নিজস্ব প্রতিবেদক:
মানিকগঞ্জ শহরের পশ্চিম সেওতা–মানরা চৌরাস্তায় অবস্থিত ঐতিহাসিক জুলাই স্মৃতিস্তম্ভে গভীর রাতে অজ্ঞাত দুর্বৃত্তরা আগুন দিয়েছে। শনিবার (৩০ নভেম্বর) দিবাগত রাত প্রায় তিনটার দিকে স্মৃতিস্তম্ভের সামনে রাখা দুটি টায়ারে আগুন ধরিয়ে দেওয়া হলে স্মৃতিস্তম্ভের অংশবিশেষ পুড়ে কালো হয়ে যায়।
পুলিশ সূত্রে জানা যায়, রাতের অন্ধকারে একটি প্রাইভেটকার এসে স্মৃতিস্তম্ভের সামনে থামে। গাড়ি থেকে নেমে দুই ব্যক্তি টায়ারের ওপর পেট্রোল ঢেলে আগুন ধরিয়ে দ্রুত সরে যায়। পরবর্তীতে সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে ঘটনাটি নিশ্চিত করে পুলিশ। খবর পাওয়া মাত্রই পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে প্রাথমিক তদন্ত শুরু করে।
ঘটনার নিন্দা জানিয়ে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন মানিকগঞ্জ জেলা শাখার সাবেক সদস্য সচিব নাহিদ মনির বলেন, ‘জুলাই স্মৃতিকে ঘৃণাভরে উপস্থাপন করার উদ্দেশ্যে দুর্বৃত্তরা পরিকল্পিতভাবে এই আগুন দিয়েছে। আমরা এর তীব্র নিন্দা জানাই এবং আইনশৃঙ্খলা বাহিনীকে দ্রুত দোষীদের গ্রেফতারের আহ্বান জানাই।’
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো. সালাউদ্দিন জানান, সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করে জড়িতদের শনাক্তের কাজ চলছে। কারা এবং কেন এ ঘটনা ঘটিয়েছে তা খতিয়ে দেখা হচ্ছে। খুব দ্রুত দোষীদের আইনের আওতায় আনা হবে বলেও তিনি জানান।

