নিজস্ব প্রতিবেদক
বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার সামান্য শারীরিক উন্নতি হলে তাঁকে দ্রুত লন্ডনে নেওয়ার পরিকল্পনা করছে পরিবার। উন্নত চিকিৎসার জন্য বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সের ব্যবস্থা করতে কাতার দূতাবাসের সঙ্গে কথা চলছে বলে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের উপদেষ্টা মাহদী আমিন।
শনিবার দুপুরে নিজের ফেসবুক পেজে দেওয়া এক বার্তায় তিনি জানান, পরিবার খালেদা জিয়াকে বিদেশে পাঠানোর প্রস্তুতি নিচ্ছে এবং তাঁর আগের চিকিৎসক দলের সঙ্গেও যোগাযোগ করা হয়েছে। লন্ডনে যেসব চিকিৎসকের তত্ত্বাবধানে তিনি গতবার কয়েক মাস চিকিৎসা নিয়ে সুস্থতা ফিরে পেয়েছিলেন, তাঁদের সঙ্গে যোগাযোগ করেছেন তারেক রহমান ও তাঁর স্ত্রী জুবাইদা রহমান।
তিনি আরও জানান, উন্নত প্রযুক্তির একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্স ব্যবস্থা করার প্রক্রিয়াও চলমান। বর্তমানে খালেদা জিয়া এভারকেয়ার হাসপাতালে থাকলেও তাঁর চিকিৎসায় যুক্ত রয়েছেন দেশি-বিদেশি বিশেষজ্ঞরা। লন্ডন থেকে চিকিৎসা–সংক্রান্ত সব আপডেটও মনিটর করছেন তারেক রহমান দম্পতি।
এরই মধ্যে আজ বিকেল ৫টায় গুলশানে দলের চেয়ারপারসনের কার্যালয়ে সংবাদ সম্মেলন ডেকেছে বিএনপি। সেখানে খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা ও বিদেশে নেওয়ার প্রস্তুতি নিয়ে বিস্তারিত জানানো হতে পারে বলে ধারণা করা হচ্ছে।

