স্টাফ রিপোর্টার:
মানিকগঞ্জের শিবালয় উপজেলায় সাংবাদিক পরিচয় ব্যবহার করে সার ডিলারের নিকট চাঁদা দাবির অভিযোগে দুই প্রতারককে আটক করে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় লোকজন।
বুধবার দুপুরে শিমুলিয়া ইউনিয়নের বেজপাড়া বাজারে এ ঘটনা ঘটে।
আটককৃতরা হলেন—দৌলতপুর উপজেলার বেড়ারচর গ্রামের আবুল হোসেনের ছেলে আবু বকর সিদ্দিক (২২) এবং সদর উপজেলার জয়রা গ্রামের মৃত নুরুল হকের ছেলে শাহীন (৫০)।
স্থানীয়দের বরাতে জানা যায়, বেজপাড়া বাজারের ‘মনির ট্রেডার্স’-এর ডিলার মো. মনির হোসেনের কাছে তারা সাংবাদিক পরিচয়ে এক লাখ টাকা চাঁদা দাবি করেন। তিনি তাদের কাছে কোন পত্রিকায় সাংবাদিকতা করেন এবং পরিচয়পত্র আছে কি না—জানতে চাইলে তারা তা দেখাতে ব্যর্থ হন। একপর্যায়ে দোকানদার ও স্থানীয় জনতা তাদের আটক করে শিবালয় থানা পুলিশকে খবর দেন।
শিবালয় থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম আমান উল্লাহ জানান, খবর পাওয়ার পর পুলিশ ঘটনাস্থলে পৌঁছে দুইজনকে থানায় নিয়ে আসে। বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

