ডেস্ক রিপোর্ট: জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ মৃত্যুদণ্ড দিয়েছেন। রায় ঘোষণার সময় আদালতের কার্যক্রম সরাসরি বিভিন্ন টেলিভিশন চ্যানেলে সম্প্রচারিত হয়।
বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া টেলিভিশন মাধ্যমে রায় দেখেন এবং সন্তোষ প্রকাশ করেন। তিনি আশা প্রকাশ করেছেন, আদালতের রায় বাস্তবায়ন হবে এবং গত ১৭ বছর ধরে চলা গুম ও হত্যাকাণ্ডের শিকার পরিবারগুলোর আত্মা শান্তি পাবে।
বিএনপির এক জ্যেষ্ঠ নেতা বলেন, “ম্যাডাম আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় দেখেছেন এবং স্বস্তি প্রকাশ করেছেন। জুলাই বিপ্লবে শহীদদের মামলায় ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে। যা অন্যায় করা হয়েছিল, তার বিচার তিনি মহান আল্লাহর ওপর ছেড়ে দিয়েছেন।”
বিএনপি চেয়ারপারসনের একান্ত সহকারী এবিএম আব্দুস সাত্তার বলেন, “আমি এখনও ম্যাডামের বাসায় যাইনি, তবে টেলিভিশনে লাইভ সম্প্রচারের মাধ্যমে নিশ্চয়ই চেয়ারপারসন রায় দেখেছেন।”
রায় মঙ্গলবার দুপুর ২টা ৫০ মিনিটে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এর চেয়ারম্যান বিচারপতি মো. গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বে তিন সদস্যের প্যানেল ঘোষণা করেন। অন্য সদস্যরা ছিলেন বিচারপতি মো. শফিউল আলম মাহমুদ ও বিচারপতি মো. মোহিতুল হক এনাম চৌধুরী। রায় ঘোষণার সময় জনাকীর্ণ আদালতে আইনজীবীদের সঙ্গে জুলাই-আগস্টে নিহতদের পরিবারের সদস্যরাও উপস্থিত ছিলেন।

