নিজস্ব প্রতিবেদক: জুলাই–আগস্ট গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় ঘোষণার পর আবু সাঈদ পরিবারের সদস্যরা সন্তোষ প্রকাশ করেছেন। বহুল আলোচিত এ মামলায় ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আনা হত্যা ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত তাকে মৃত্যুদণ্ডে দণ্ডিত করেন।
রায় ঘোষণার পর প্রতিক্রিয়ায় নিহত আবু সাঈদের বাবা মকবুল হোসেন বলেন, “আমরা দীর্ঘদিন ধরে বিচার চাইছিলাম। আমার ছেলেকে গুলি করার নির্দেশ তিনিই দিয়েছেন—এটা আমরা জানতাম। শুধু আমার ছেলে নয়, জুলাই আন্দোলনে অসংখ্য মানুষ প্রাণ দিয়েছে। তাই তাকে দ্রুত দেশে এনে যেন রায় কার্যকর করা হয়, এই দাবি আমাদের।”
আবু সাঈদের মা মনোয়ারা বেগম বলেন, “আমার ছেলেসহ এতগুলো তরুণ–তরুণীর জীবন গেছে। তাই মৃত্যুদণ্ডের রায় শুনে মনটা কিছুটা শান্ত হয়েছে। এখন আমাদের একটাই দাবি—রায় যেন বাস্তবায়ন হতে দেখি।”
নিহতের বড় ভাই রমজান আলীও আদালতের রায়কে স্বাগত জানিয়ে বলেন, “আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল যে রায় দিয়েছে, তা আমাদের প্রত্যাশারই প্রতিফলন। সে দেশে থাকুক বা বিদেশে—যেখানেই থাক, দ্রুত এই রায় কার্যকর করতে হবে।”

