নিজস্ব প্রতিনিধি: জমকালো আয়োজনে ও উৎসবমুখর পরিবেশে মানিকগঞ্জের সিংগাইরে অনুষ্ঠিত হলো গ্রাজুয়েটস এসোসিয়েশন অফ জামির্ত্তা আয়োজিত ফুটবল ফাইনাল ম্যাচ। শুক্রবার (১৪ নভেম্বর) বিকেল সাড়ে তিনটায় উপজেলার জামির্ত্তা ইউনিয়নের সত্য গোবিন্দ উচ্চ বিদ্যালয় মাঠে দুই জনপ্রিয় দল—জামির্ত্তা মুক্তাঙ্গন সংঘ ও জামির্ত্তা জনকল্যাণ এসোসিয়েশনের মধ্যে অনুষ্ঠিত হয় প্রতীক্ষিত ফাইনাল।
দর্শকপূর্ণ মাঠে টানটান উত্তেজনারম্যাচে শুরু থেকেই আক্রমণ-প্রতিআক্রমণে মুখর ছিল দুই পক্ষ। তবে নির্ধারিত সময়ে একমাত্র জয়সূচক গোল করে জামির্ত্তা জনকল্যাণ এসোসিয়েশন সেরা হয়ে মাঠ ছাড়ে। খেলায় তাদের দুর্দান্ত ছন্দ ও সমন্বিত পারফরম্যান্স দর্শকদের মুগ্ধ করে।

ফাইনাল ম্যাচটির উদ্বোধন করেন বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের সাবেক তারকা খেলোয়াড় জাবেদ ওমর বেলিম গুল্লু এবং ওষুধ শিল্পের সহায়ক প্রতিষ্ঠান দি প্লাস্টিসিটি–র ব্যবস্থাপনা পরিচালক ও তরুণ উদ্যোক্তা আলহাজ্ব মোঃ মিজানুর রহমান।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মোঃ মিজানুর রহমান এবং সঞ্চালনার দায়িত্ব পালন করেন সাধারণ সম্পাদক এম এম মোহাম্মদ উল্লাহ। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন মানিকগঞ্জ–২ আসনের সাবেক সংসদ সদস্য এস এম আব্দুল মান্নান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন-সায়ান রিসোর্সের চেয়ারম্যান আলহাজ্ব মোঃ ইউনুছ ও ব্যবস্থাপনা পরিচালক মোঃ সাইফুল ইসলাম সাইফ,এপেক্স মেটাল ইন্ডাস্ট্রিজের চেয়ারম্যান সদর আলী হাসান, ব্যবসায়ী মোদাব্বির হোসেন খান, মোঃ সারোয়ার মোল্লা, সৈয়দ মোঃ শরিফুল আলম, মোঃ আসলাম হোসেন ও আহমেদ উল্লাহ।

এছাড়া উপস্থিত ছিলেন জিয়া সৈনিক দলের কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক জিয়াউর রহমান জিয়া।
মাঠজুড়ে উৎসবমুখর পরিবেশের মধ্যে সন্ধ্যায় বিজয়ী ও রানার্সআপ দলের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। পুরস্কার বিতরণের মধ্য দিয়ে জমজমাট এই ফুটবল উৎসবের সফল সমাপ্তি হয়।

