দিনটা ছিল বাংলাদেশ, ওয়েস্ট ইন্ডিজ দুই দলের জন্যই বিশ্রামের। তবু দুই দলেরই কয়েকজন করে ক্রিকেটার কাল গেছেন মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে। যদিও চট্টগ্রামে ২৭ অক্টোবর থেকে শুরু টি-টোয়েন্টি সিরিজের অনুশীলনই করেছেন বেশির ভাগ ক্রিকেটার। তবে চট্টগ্রাম যাওয়ার আগে আজ ১–১ সমতায় থাকা ওয়ানডে সিরিজের শেষ ম্যাচে দুই দলই নামবে সিরিজ জয়ের লক্ষ্যে।
২০২৭ সালের মার্চের মধ্যে র্যাঙ্কিংয়ে অন্তত সেরা নয়ে না থাকলে সরাসরি বিশ্বকাপ খেলতে পারবে না বাংলাদেশ। এই সিরিজের আগে ৯–এ থাকা ওয়েস্ট ইন্ডিজকে টেনে নামানোর সব পরিকল্পনাই তাই করে রেখেছিল ১০–এ থাকা দলটি। ঘরের মাঠে খেলার সুবিধা নিয়ে সিরিজের জন্য বানানো হলো কালো মাটির স্পিন সহায়ক উইকেট। রিশাদ হোসেনের ৬ উইকেটে প্রথম ওয়ানডে জিতে তার সুফলও পেয়েছে বাংলাদেশ।

