ব্রাহ্মণবাড়িয়ায় থাপ্পর দেওয়াকে কেন্দ্র করে আওয়ামী লীগ ও বিএনপি–সমর্থিত দুই গোষ্ঠীর লোকজন টর্চলাইট জ্বালিয়ে মহাসড়কে সংঘর্ষে জড়িয়ে পড়েন। এতে উভয় পক্ষের অন্তত ৩০ জন আহত হন। গতকাল বুধবার রাতে কুমিল্লা–সিলেট মহাসড়কের সুহিলপুরে এ ঘটনা ঘটে। এ সময় প্রায় তিন ঘণ্টা মহাসড়কে যানবাহন চলাচল বন্ধ ছিল।
স্থানীয় লোকজন ও পুলিশ সূত্রে জানা গেছে, সদর উপজেলার সুহিলপুর পূর্বপাড়ার আওয়ামী লীগ–সমর্থিত উকিলের গোষ্ঠী ও বিএনপি–সমর্থিত আজিজ মিয়ার গোষ্ঠীর মধ্যে আগে থেকে বিরোধ চলে আসছে। চার থেকে পাঁচ দিন আগে নিজেদের মধ্যে তর্কের জেরে উকিলের গোষ্ঠীর সাবেক ইউপি সদস্য ও জেলা ছাত্রলীগের যুগ্ম সাধারণ সম্পাদক সাদ্দাম হোসেন একই গ্রামের আজিজ মিয়ার গোষ্ঠীর আক্তার মিয়াকে থাপ্পড় দেন। এ নিয়ে দুই গোষ্ঠীর মধ্যে উত্তেজনা চলতে থাকে।

